মঞ্চে তুলে কর্মীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোক দিবসের স্মরণসভার পাশে দুই কর্মীর মধ্যে হাতাহাতির একপর্যায়ে শুকুর আলী নামের এক কর্মীকে মঞ্চে তুলে মারধর করা হয় l ছবি: প্রথম আলো
শোক দিবসের স্মরণসভার পাশে দুই কর্মীর মধ্যে হাতাহাতির একপর্যায়ে শুকুর আলী নামের এক কর্মীকে মঞ্চে তুলে মারধর করা হয় l ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজের। অনুষ্ঠান ঠিকভাবেই চলছিল। কিন্তু শেষের দিকে অনুষ্ঠানস্থলের পাশে শুরু হয় যুবলীগের দুই কর্মীর হাতাহাতি। সেই দুই কর্মীর একজনকে পরে অনুষ্ঠানের মঞ্চে তুলে পেটানো হয় উপস্থিত অতিথিদের সামনেই।
গতকাল মঙ্গলবার রাজশাহীর রেলওয়ে স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর ও ওপেন লাইন শাখা রাজশাহী এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক আকতার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল, মাহফুজুল হক, নগর যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর শ্রমিক লীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আবদুস সোহেল প্রমুখ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনুষ্ঠান চলাকালে পাশে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থক শুকুর আলীর সঙ্গে মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হকের এক সমর্থকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। তৌহিদুল তাঁদের শান্ত হতে বলে দুজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে মঞ্চের সামনে এসে বসেন। এরপর শুকুর ক্ষিপ্ত হয়ে মঞ্চের সামনে বসে থাকা তৌহিদুল হককে গিয়ে কাচের বোতল দিয়ে আঘাত করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর আনোয়ার শুকুর আলীকে মঞ্চে ধরে নিয়ে আসেন। সেখানে উপস্থিত অতিথিদের সামনেই তাঁকে কিলঘুষি ও লাঠি দিয়ে পেটানো হয়। মঞ্চে উপস্থিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্য নেতারা সেখানে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর পুলিশ সেখান থেকে নিয়ে যাওয়ার সময় তৌহিদুলের এক সমর্থক তাঁকে (শুকুর) পুলিশের কাছে থেকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘রেলওয়ে শ্রমিক লীগ অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমার বক্তব্য দেওয়া শেষ হয়েছিল। অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দিচ্ছিলেন। এ সময় যুবলীগের দুজন অনুষ্ঠান থেকে দূরে মারামারি করছিল দেখে তৌহিদুল তাদের শান্ত হতে বলেন। এরপর শুকুর এসে তৌহিদুলকে কাচের বোতল দিয়ে বাড়ি মারেন। তাই আমরা তাঁকে ডেকে চর-থাপ্পড় দিয়ে সেখান থেকে সরিয়ে দিই।’ শুকুরকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে জানান ডাবলু সরকার।