মঞ্চে হাতাহাতি, বিব্রত এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী শহরের বর্ণালী হল মাঠে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। পরে হুসেইন মুহম্মদ এরশাদ বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
রাজশাহী শহরের বর্ণালী হল মাঠে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। পরে হুসেইন মুহম্মদ এরশাদ বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

রাজশাহীতে জাতীয় পার্টির সমাবেশে আজ সোমবার দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপস্থিতিতেই স্থানীয় এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে মঞ্চে নেতাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ধাক্কাধাক্কিতে কয়েকজন সংবাদকর্মী মঞ্চ থেকে নিচে পড়ে যান।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, দলটির রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আজ নগরের সাবেক বর্ণালীর হল মাঠে সমাবেশের আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়। বেলা একটা পাঁচ মিনিটের সময় মঞ্চে ওঠেন এরশাদ। প্রথমে রাজশাহী নগরের চার থানার সভাপতি বক্তব্য দেন। বেলা দেড়টার দিকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহাবুদ্দিন বক্তব্য দিতে ওঠেন। বক্তব্যের শুরুতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে তুলতেই মঞ্চে উপবিষ্ট নেতারা উত্তেজিত হয়ে ওঠেন। জাতীয় পার্টির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু তাঁকে পেছন থেকে টেনে ধরেন। সঙ্গে সঙ্গে মঞ্চের ওপরেই শুরু হয় টানাটানি-ধাক্কাধাক্কি ও হাতাহাতি। একপর্যায়ে বক্তা শাহাবুদ্দিনকে মঞ্চ থেকে ঠেলে নিচে নামিয়ে দেওয়া হয়। এ সময় প্রথম আলোর আলোকচিত্রী শহীদুল ইসলামসহ কয়েকজন আলোকচিত্রীকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নিচে ফেলে দেওয়া হয়। প্রায় সাত মিনিট ধরে মঞ্চের ওপর এ হাঙ্গামা চলে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মঞ্চে উঠে আসে এবং মঞ্চ থেকে স্থানীয় নেতাদের নামিয়ে দেয়।

পরে শাহাবুদ্দিন বাচ্চু মাইক নিয়ে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। এরপর এরশাদও নেতা-কর্মীদের শান্ত হতে বলেন।

হামলার শিকার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা শুরু করেছিলেন। কিন্তু তাঁকে কথা শেষ করতে দেওয়া হয়নি। তিনি বলতে চেয়েছিলেন, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পক্ষে নয়।

মানুষ দুই নেত্রীকে চায় না, জাতীয় পার্টিকে চায়

পরিস্থিতি কিছুটা শান্ত হলে এরশাদ বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমি জয়ী হলে দেশে শান্তি ফিরিয়ে আনব। আমি যাওয়ার পর কী উন্নয়ন হয়েছে? মানুষ দুই নেত্রীকেই চায় না। জাতীয় পার্টিকে চায়।’ তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘তোমরা আমার সন্তান। আমার সাথে থাকো। আমার পতাকাতলে এসো।’

বর্তমান সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘খবরের কাগজ বের করলেই গুম, খুন ছাড়া কোনো খবর নেই। কারও বাবার খবর নেই। কারও ভাইয়ের খবর নেই। আমাদের সময় এ রকম ছিল না। এখন সুশাসন, প্রশাসন কিছুই নেই। শাস্তি নাই, বিচার নাই। অরাজকতা ও দলীয়করণ চলছে। শান্তি-শৃঙ্খলা জাতীয় পার্টিই দিতে পারে।’

এরশাদ আরও বলেন, ‘আমি আসলে মানুষ খুন হবে না, গুম হবে না। বিএনপির যাঁরা আছেন, তাঁদের ভবিষ্যত্ অন্ধকার।’ তিনি বিএনপির নেতা-কর্মীদের বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘তারেক সাহেব ক্ষমতায় এলে বোমাবাজি, ঘুষ, দুর্নীতি হবে। মানুষের রক্ত ঠান্ডা হয়ে যাবে।’