মঞ্চের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নিষেধাজ্ঞা না মেনে স্লোগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মিসভায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কর্মীরা মঞ্চের মূল ব্যানার ও মাইকের তার ছিঁড়ে ফেলেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, হাতাহাতি এবং এক পক্ষ আরেক পক্ষককে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। ২০ মিনিট ধরে চলা সংঘর্ষের পর সভার কাজ শুরু হলেও তড়িঘড়ি করে তা শেষ করে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বিকেল চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় বিএনপির কার্যালয় ‘নাসিমন ভবন’ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। সভা শুরু হওয়ার আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরীর অনুসারীরা সংঘর্ষে জড়ান।
বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সভায় শুধু বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পরইপরই তড়িঘড়ি করে সভার সমাপ্তি টানেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। এর আগে খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের সময় নেতাদের বারবার নিষেধ সত্ত্বেও কর্মীরা টানা স্লোগান দিতে থাকেন। যে কারণে তাঁর বক্তব্য ঠিকমতো শোনা যায়নি।
চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে সাতটি উপজেলা নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি গঠিত। উপজেলাগুলো হচ্ছে মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া।
উত্তর জেলা বিএনপির কর্মিসভা উপলক্ষে নগরের নাসিমন ভবনের সামনের খোলা চত্বরে গতকাল মঞ্চ তৈরি করা হয়। গতকাল বেলা তিনটায় সভা শুরু হওয়ার কথা ছিল। সভার কার্যক্রম শুরুর হওয়ার ঘণ্টাখানেক আগেই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মঞ্চের নিয়ন্ত্রণ নেন।
বেলা পৌনে তিনটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা বিএনপির ব্যানারে নেতা-কর্মীরা দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নামে স্লোগান দিতে দিতে সভাস্থলে প্রবেশ করেন। কিন্তু মাইকে তাঁদের নাম ঘোষণা না করায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ও আসলাম চৌধুরীর অনুসারী কাজী সালাহউদ্দিন মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নেওয়ার চেষ্টা করেন। তখন পেছন থেকে তাঁকে কয়েকজন ধাক্কা দেন। এরপরই মঞ্চের নিচে থাকা আসলাম চৌধুরীর অনুসারীরা মঞ্চের ওপরে থাকা গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের দিকে চেয়ার ছুড়তে শুরু করেন। তখন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ১০ মিনিট পর গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের ধাওয়া দিয়ে মঞ্চের নিয়ন্ত্রণ নেন আসলাম চৌধুরীর অনুসারীরা। বেলা ৩টা ৫ মিনিটের দিকে দুই পক্ষের সংঘর্ষ থামে।
প্রথম আলোর প্রতিবেদক বেলা দুইটা থেকে সভাস্থলে উপস্থিত ছিলেন।
দুই পক্ষের সংঘর্ষ চলাকালে নাসিমন ভবনের এক পাশে অবস্থান করছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হকসহ চট্টগ্রাম উত্তর জেলার জ্যেষ্ঠ নেতারা।
সংঘর্ষ থামার প্রায় ১০ মিনিট পর নাসিমন ভবন প্রাঙ্গণে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় কর্মীরা স্লোগান দিতে থাকেন। শীর্ষস্থানীয় নেতাদের বারণ সত্ত্বেও তাঁরা স্লোগান দেওয়া অব্যাহত রাখেন।
এভাবে ১০ মিনিট চলার পর হ্যান্ডমাইকেই বক্তব্য দেওয়া শুরু করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আপনারা আমার বক্তৃতার সময় নেতাদের অমান্য করে যেভাবে স্লোগান দিচ্ছেন, তাতে নেতাদের প্রতি সম্মান দেখানো হচ্ছে না। এই স্লোগান দিতে হবে রাজপথে। স্লোগানে স্লোগানে ও আন্দোলনে আন্দোলনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আদায় করতে হবে।’
সংঘর্ষের বিষয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছে। কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে বড় কিছু ঘটেনি। আর মাইকের তার ছিঁড়ে যাওয়ায় সভা সংক্ষিপ্ত করা হয়েছে।
সংঘর্ষের সময় নাসিমন ভবনের বাইরে পুলিশ ছিল। তবে পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ভেতরে ঢোকেনি। এ বিষয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির কার্যালয়ের ভেতরের দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। রাস্তায় কোনো সমস্যা হয়নি।
গতকালের সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, সুকোমল বড়ুয়া ও এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাওয়াদ হোসেন প্রমুখ।
সমাবেশ দ্রুত শেষ করার বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান বলেন, ‘মাইকের তার ছিঁড়ে গেছে। চেয়ার ভেঙে ফেলা হয়েছে। এই বিশৃঙ্খলার মধ্যে কি মিটিং করা যায়?’ তিনি দাবি করেন, ‘ঠিক মারামারির ঘটনা ঘটেনি। তবে আসলাম চৌধুরীর নামে স্লোগান দিতে দিতে কিছু উচ্ছৃঙ্খল যুবক মঞ্চে হামলা করে। এতে প্রায় সাত-আটজন আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।