মঠপ্রধান হত্যার দায় সরকার এড়াতে পারে না: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি মনে করে, পঞ্চগড়ের শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার যজ্ঞেশ্বর হত্যার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে যজ্ঞেশ্বর রায়ের আত্মার শান্তি ও আহত পূজারির সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
মির্জা ফখরুল বলেন, কোনো ধর্মগুরুকে হত্যার মতো ঘৃণ্য অপকর্মের নজির বাংলাদেশের ইতিহাসে নেই। যারা এই জঘন্য নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা সভ্যতা, সংস্কৃতি ও মানবতার শত্রু। দেশকে গহিন অন্ধকারের দিকে ঠেলে দেওয়াই এদের চূড়ান্ত লক্ষ্য। তিনি বলেন, দেশবাসী এখন অপশাসনের এক ভয়াল নৈরাজ্যের মধ্যে দুঃসময় অতিক্রম করছে। ভোটারবিহীন সরকার জনগণ ও বিরোধী রাজনৈতিক দলকে দলন-পীড়নে ব্যস্ত থাকায় ভয়ংকর গণবিরোধী চরমপন্থী শক্তিগুলো কোথায় আস্তানা গাড়ছে, তা চিহ্নিত করতে পারছে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইতিপূর্বে বিদেশি নাগরিক, ব্লগার, প্রকাশক হত্যাসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলার কোনো ঘটনার সুরাহা করতে পারেনি সরকার। অথচ জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বারবার দায় স্বীকারকারীদের বার্তার কথা উল্লেখ করলেও সরকার এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।