মঠবাড়িয়ায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। এ ছাড়া কাউখালী উপজেলা ছাত্রলীগের কমিটি কেন বিলুপ্ত করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত সোমবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গতকাল মঙ্গলবার বলেন, সাংগঠনিক দুর্বলতা, সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং উপজেলা আওয়ামী লীগের নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই অভিযোগে কাউখালী উপজেলা ছাত্রলীগের কমিটি কেন বিলুপ্ত করা হবে না তা জানতে চেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ বলেন, ‘কমিটি বিলুপ্ত ঘোষণার কথা শুনেছি।’
কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান গতকাল বিকেলে বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ এখনো পাইনি। ফেসবুকের মাধ্যমে শোকজের খবর পেয়েছি। আমরা সক্রিয় আছি। দলীয় সব কর্মসূচি পালন করছি।’ তিনি অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো কর্মসূচি পালনে সহযোগিতা করে না। উল্টো ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে।
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হক বলেন, ‘ওরা (ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক) তো ছাত্রলীগ করে না। ওরা পান্না লীগ (ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না) করে। ওদের আবার কীসের সহযোগিতা করব।’