পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে এম ইউসুফ আলী দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার উপজেলার বড় হারজী গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কে এম ইউসুফ আলী বলেন, ২০১২ সালে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তাঁকে চিকিৎসার জন্য প্রতি মাসে একবার সিঙ্গাপুরে যেতে হয়। এ ছাড়া তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন।
দল ছাড়ার ব্যাপারে কোনো চাপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো দল বা ব্যক্তির চাপে তিনি পদত্যাগ করছেন না। এ সময় আওয়ামী লীগে যোগদান করছেন কি না এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, ‘উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শরীফের কাছে কে এম ইউসুফ আলী কৃষক দল থেকে পদত্যাগের একটি পত্র দিয়েছেন। তবে বিএনপি থেকে তাঁর পদত্যাগের চিঠি এখনো পাইনি।’