মঠবাড়িয়ায় আ.লীগ নেতার হামলায় আহত ৭
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের নেতার নেতৃত্বে হামলায় সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বান্ধাকাটা বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের জাকির হোসেন (৪৫), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৩৫), ভাই আরিফ হোসেন (২৫), ভাইয়ের ছেলে মেহেদী হাসান (১৫), ভাগনে মো. আসাদ (৩০), একই গ্রামের সেকান্দার আলী (৫০) ও ইদ্রিস আলী (১৭)।
আহত লোকজনের অভিযোগ, শুক্রবার বেলা ১১টার দিকে বান্ধাকাটা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খানের নেতৃত্বে ১০ থেকে ১২ জন লোক মেহেদী হাসানকে ধাওয়া করেন। এ সময় মেহেদী হাসান তাঁর চাচা জাকির হোসেনের দোকানে আশ্রয় নেন। এরপর হামলাকারীরা সেখানে গিয়ে মেহেদী হাসানকে মারধর করেন। মেহেদীকে উদ্ধার করতে গিয়ে আহত হন অন্যরা।
মেহেদী হাসান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার উপজেলার গুলিসাখালী ইউনিয়নে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বরের সঙ্গে যোগ দিই। এ কারণে আজিজুল হক মাতুব্বরের প্রতিপক্ষের লোকজন লোকমান হোসেন খানের নেতৃত্বে আমার ওপর হামলা করে।’
স্থানীয়দের কয়েকজন জানান, আজিজুল ও লোকমানের মধ্যে বিরোধ আছে। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের এই দুই নেতা একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মেহেদীর ওপর হামলার ব্যাপারে লোকমান হোসেন খান বলেন, ‘মেহেদী যুবলীগ কর্মী শাহাদাৎ হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করলে আমি গিয়ে শাহাদাৎকে উদ্ধার করি। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, আহত লোকজনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।