
খালেদা জিয়াকে কেক কেটে জন্মদিন উদ্যাপন না করার আহ্বান জানানোর পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম নিজামুল কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া নিজামুল কবিরকে দলের সব পদ-পদবি স্থগিত করা হয়েছে।
গত বুধবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে নিজামুল কবিরকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে নিজামুল কবিরকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, তার জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে।
বুধবার রাতে নিজামুল কবির কারণ দর্শানোর নোটিশ গ্রহণ করে বলেন, ‘আমি নোটিশের জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে দেব।’
গত মঙ্গলবার সকালে স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় নিজামুল কবির দলের চেয়ারপারসনের জন্মদিন উদ্যাপন নিয়ে সমালোচনা করেন। তিনি খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন নিয়ে বিতর্ক অবসানের জন্য সাংবাদিকদের মাধ্যমে দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় নিজামুল কবির বলেন, ‘খালেদা জিয়া যদি ভূমিকা নিয়ে আজকের দিনটি কেক কেটে উদ্যাপন না করে ঘরোয়া পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করতেন। সারা দেশের নেতা-কর্মীদের নির্দেশ দিতেন, আমরা আর কেক কেটে জন্মদিন উদ্যাপন করব না। তাহলে দেশের ৮০ ভাগ মানুষ তাঁকে (খালেদা জিয়া) সমর্থন দিত।’ নিজামুল কবিরের এই বক্তব্যের ভিডিও বিএনপির নেতা-কর্মীদের মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ মন্তব্য করে নিজামুল কবিরকে বহিষ্কারের দাবি জানান।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য নিজামুল কবিরের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
গত বুধবার প্রথম আলোয় ‘জাতীয় শোক দিবসের সভায় বিএনপি নেতা, খালেদা জিয়াকে জন্মদিনে কেক না কাটার আহ্বান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।