মঠবাড়িয়ায় বিএনপির আরেক নেতার পদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক হাসান
ফারুক হাসান

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর ব্যানারে ছবি থাকায় ফারুক হাসানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁকে দল থেকে কেন বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় খালেদা জিয়াকে কেক না কেটে জন্মদিন পালনের আহ্বান জানানোর পর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম নিজামুল কবিরের দলীয় পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

দলীয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে ছবিসহ ব্যানার টানিয়ে মঠবাড়িয়াবাসীকে শুভেচ্ছা জানানো হয়। ওই ব্যানারে মঠবাড়িয়া উপজেলার আটজন ইউপি চেয়ারম্যানের ছবি রয়েছে। ব্যানারে ছয়জন আওয়ামী লীগের দলীয় ইউপি চেয়ারম্যান, স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল এবং বিএনপির নেতা ও মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানের ছবি রয়েছে। এ ব্যাপারে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা জেলা বিএনপির কাছে অভিযোগ করেন। অভিযোগের পর জেলা বিএনপি ফারুক হাসানের দলীয় পদ স্থগিত করে চিঠি দেয়। গত বৃহস্পতিবার রাতে ফারুক হাসান তাঁর দলীয় পদ স্থগিতের চিঠি এবং কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন।

এ বি এম ফারুক হাসান বলেন, ‘আমার অনুমতি ছাড়া ছবিটি ব্যানারে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার নিন্দা জানাই।’

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ফারুক হাসানের দলীয় পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।