মতপার্থক্য রেখে সমৃদ্ধির জন্য কাজ করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতপার্থক্য এক পাশে রেখে জনগণের সমৃদ্ধির জন্য কাজ করতে সার্ক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার নেপালের কাঠমান্ডু সিটি হলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক দক্ষিণ এশিয়া গঠনে অবদান রাখার অঙ্গীকার করতে নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত উন্নয়নে সার্ক দেশগুলোকে তাদের সার্বিক প্রচেষ্টা, উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ জোরদার করতে হবে।
স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও জলবায়ু পরিবর্তন প্রযুক্তি খাতে সহযোগিতা আরও গভীরতর করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সার্কের কর্মকাণ্ডে গতিশীলতা আনতে আমাদের মধ্যে আরও খোলামেলা আলোচনা হওয়া দরকার।’ তিনি বলেন, দারিদ্র্য সার্ক অঞ্চলের অভিন্ন ও প্রধান শত্রু। এটি এ অঞ্চলের শান্তি ও উন্নয়নকে ব্যাহত করছে। ক্রমবর্ধমান জনসংখ্যাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বিধানের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, গত কয়েক দশকে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দক্ষিণ এশিয়া ব্যাপক সাফল্য অর্জন করেছে। এটি দারিদ্র্য বিমোচন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হয়েছে। বাংলাদেশে গত পাঁচ বছর গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ বজায় রয়েছে। দারিদ্র্যের হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে বর্তমানে ২৪ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি, বিশেষ করে আইসিটি আমাদের দৈনন্দিন জীবনকে বহুমুখী করেছে। এটি আমাদের জীবনে পরিবর্তন এনেছে। জীবনযাপনে বহু সমস্যার সমাধান করেছে, যা কয়েক বছর আগেও আমরা ভাবতে পারিনি।’ তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনে লক্ষ্যমাত্রা অর্জনে দেশব্যাপী পাঁচ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এসব সেন্টার থেকে গ্রামীণ জনগণ প্রায় ২০০ ধরনের আইসিটি-সম্পর্কিত সেবা পাচ্ছে। তারা আইটি সংযুক্ত সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক থেকে বিনা মূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবাও পাচ্ছে।

জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার হুমকি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্ক পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃসীমান্ত উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক চুক্তি ও পরিকল্পনার নিরাপদ ও ফলাফলমুখী বাস্তবায়ন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জ্বালানি খাতে সার্ক দেশগুলোর মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন সময় এসেছে এ খাতের উন্নয়নে আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও দ্বিপক্ষীয় উদ্যোগ গ্রহণের। তিনি জ্বালানি সহযোগিতা-সংক্রান্ত সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের অগ্রগতিকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

আঞ্চলিক যোগাযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার সার্বিক শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিতের জন্য যোগাযোগ অবকাঠামো খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাপকভাবে যোগাযোগ বাড়াতে আগ্রহী। তিনি বলেন, ‘আমরা চিন্তা-ভাবনা, জ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, জনগণ, সড়ক-রেল-বিমান, পণ্য, সেবা ও বিনিয়োগ ও চলাচলে যোগাযোগ বাড়াতে বিশ্বাসী।’ সার্ক দেশগুলোর আন্তঃআঞ্চলিক বাণিজ্যের ওপর আলোকপাত করা প্রয়োজন। এ ছাড়া সাপটার দ্রুত ও কার্যকর বাস্তবায়নও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সার্ক ফ্রেমওয়ার্কের আওতায় প্রতিষ্ঠিত সেন্টারগুলোতে প্রয়োজনীয় সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ আঞ্চলিক পণ্য, জ্ঞান ও ধারণার বাহক। এগুলোর উন্নয়নে আমাদের অবশ্যই সম্ভাব্য সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে হবে।’ বাসস