মতবিনিময়, নানা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের সিদ্ধিরগঞ্জে গতকাল এক মিলাদ মাহফিলে যোগদান শেষে লোকজনের সঙ্গে মতবিনিময় করেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী l প্রথম আলো
নগরের সিদ্ধিরগঞ্জে গতকাল এক মিলাদ মাহফিলে যোগদান শেষে লোকজনের সঙ্গে মতবিনিময় করেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী l প্রথম আলো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে ৬ ডিসেম্বর। মেয়র পদের প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান বলেছেন, তাঁরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেননি। তবে মতবিনিময় সভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দুজনেই।
এদিকে কাউন্সিলর প্রার্থীদের কারও কারও বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চারজন কাউন্সিলর প্রার্থীকে ইতিমধ্যে মৌখিকভাবে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো পদপ্রার্থী প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত প্রচার-প্রচারণায় নামতে পারবেন না। ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। গত ২৪ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন মেয়র পদের প্রধান দুই প্রার্থী আইভী ও সাখাওয়াত।
বিএনপির প্রার্থী সাখাওয়াত গত বুধবার মাসদাইরে মতবিনিময় করেন। এ সময় সমর্থকেরা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দেওভোগ এলাকায় যান তিনি। মঙ্গলবার শহরের খেয়াঘাট এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করা হয়। ওই দিন সাখাওয়াত বন্দর এলাকায়ও যান। তিনি স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলেন।

জানতে চাইলে সাখাওয়াত হোসেন খান প্রথম আলোকে বলেন, তিনি দলীয় নেতাদের বাড়িতে যাচ্ছেন। মতবিনিময় করছেন এবং বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এটাকে গণসংযোগ বলা যায় না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন গতকাল নগরের দেওভোগ এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন l প্রথম আলো
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন গতকাল নগরের দেওভোগ এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন l প্রথম আলো

এদিকে সদ্য সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার শহীদনগর এলাকায় যান। তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। কয়েক শ সমর্থক তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় সমর্থকেরা ‘নৌকা’ প্রতীকের পক্ষে স্লোগান দেন। আইভী মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে বক্তব্য দেন। স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। বুধবার আইভী বাসা থেকে বের হননি। ওই দিন তাঁর ঘনিষ্ঠজনেরা প্রথম আলোকে বলেন, নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইভী ৬ ডিসেম্বরের আগে গণসংযোগে বের হবেন না।
আইভী নিজ বাসায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করেন। গতকাল তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি মিলাদ মাহফিলে অংশ নেন।
আইভী প্রথম আলোকে বলেন, তিনি আচরণবিধি লঙ্ঘন করছেন না। গতকাল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন।
বুধবার বিকেলে আমলাপাড়ায় একটি মিছিল বের হয়। মিছিলে ‘নৌকা’ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে আইভীর নির্বাচন পরিচালানা-সংক্রান্ত মিডিয়া সেলের সমন্বয়ক জহিরুল ইসলাস প্রথম আলোকে বলেন, এটি তাঁদের কোনো মিছিল নয়। কোনো পক্ষ হয়তো ষড়যন্ত্রমূলক এটা করেছে। এর পেছনে উদ্দেশ্য হলো আইভীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী মাহবুবুর রহমান ইসমাইলের দলীয় প্রতীক ‘বেলচা’র পক্ষে মিছিল হয়।

এদিকে প্রতীক বরাদ্দ না পেলেও ‘ঘুড়ি’ প্রতীক নিয়ে মিছিল করেছেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবলীগ নেতা মতিউর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে তিনি ঘুড়ি প্রতীক বরাদ্দ পাবেন। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিনহাজুল কাদের, ৮ নম্বর ওয়ার্ডের শাওন আখন্দ, ১৩ নম্বর ওয়ার্ডের রবিউল হোসেন ও মাকসুদুল আলম খন্দকার, ১৫ নম্বর ওয়ার্ডের আজহার হোসেন, ১৮ নম্বর ওয়ার্ডের কবির হোসেনকে গত কয়েক দিন বিভিন্নভাবে প্রচারণা চালাতে দেখা গেছে। আচরণবিধি না মানার অভিযোগ আছে ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রমিক লীগ নেতা কামরুল হাসান, ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছাত্রলীগ নেতা ও সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা শাহজালালের বিরুদ্ধে।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, তাঁরা এ ধরনের আচরণবিধি লঙ্ঘনের কিছু ঘটনার কথা জানতে পেরেছেন। এ কারণে কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে মৌখিকভাবে সতর্ক করেছেন। এ ধরনের ঘটনা না ঘটানোর জন্য বলা হয়েছে। তবে তাঁর কাছে কেউ অভিযোগ করেননি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে।