মতবিনিময় শেষে বিশিষ্ট নাগরিকেরা যা বললেন
নির্বাচন কমিশন (ইসি) গঠনে দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করার সুপারিশ করেছেন বিশিষ্ট নাগরিকেরা। তাঁদের মত হচ্ছে—গঠিত নির্বাচন কমিশন হতে হবে প্রথমেই বিতর্কমুক্ত। তাদের মেরুদণ্ড হতে হবে সোজা, যাতে চাপ কিংবা হুমকির মুখেও প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে।
আজ সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে ইসি গঠনে অনুসন্ধান কমিটির কাছে এসব মতামতই দিয়েছেন ১২ জন বিশিষ্ট নাগরিক।
মতবিনিময় সভা শেষে বেরিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পরে অনুসন্ধান কমিটির মুখপাত্র ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শাফিউল আলম মতবিনিময়ের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের মানদণ্ড নিয়ে বিশিষ্ট নাগরিকেরা কথা বলেছেন। সেগুলো রেকর্ড করা হয়েছে।
গত শনিবার অনুসন্ধান কমিটি ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেয়। একই দিন তারা রাজনৈতিক দলের কাছে পাঁচজন করে ব্যক্তির নাম চেয়েছে চিঠি দেয়। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল নাম জমা দেয়নি। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত নাম জমা দেওয়ার শেষ সময় ছিল, অনুসন্ধান কমিটি তা আগামীকাল বেলা তিনটা পর্যন্ত করেছে। ওই নাম পাওয়ার পর বিকেল চারটায় অনুসন্ধান কমিটি বৈঠকে বসবে।
বৈঠকে উপস্থিত একাধিক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ অনুসন্ধান কমিটির সামনে লিখিত প্রস্তাব তুলে ধরেন। অন্য বিশিষ্ট নাগরিকেরা বক্তব্য দেন। তবে অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কারও নামের কথা তোলেননি। বিশিষ্ট নাগরিকেরাও কোনো নাম নিয়ে আলোচনা করেননি।
তবে বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, তাঁদের সঙ্গে মতবিনিময়টা যেন অতীতের মতো শুধু আনুষ্ঠানিকতা না হয়। বিশিষ্ট নাগরিকেরা যাতে পরে সমালোচনা না করতে পারেন—এই কৌশল হলে ভুল হবে। মতবিনিময়ে অংশ নেওয়া বিশিষ্ট নাগরিকদের সবার সুপারিশ মোটামুটি কাছাকাছি। সবার মতের সারমর্ম হচ্ছে, অনুসন্ধান কমিটি যাঁদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে, তাঁরা যেন দলনিরপেক্ষ হন। তালিকাটা এমনভাবে করা, যেন সব রাজনৈতিক দলের কাছে তা মোটামুটি গ্রহণযোগ্য হয়। মোটকথা দলনিরপেক্ষ, সাহসী ও যোগ্যদের নাম প্রস্তাব করতে হবে। যাঁদের নাম প্রস্তাব করা হবে, কোন যোগ্যতায় প্রস্তাব করা হয়েছে, তা যেন উল্লেখ করা হয়।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, এমন একটি কমিশন প্রস্তাব করা উচিত, যেন প্রাথমিকভাবে মানুষের মনে আস্থার সৃষ্টি হয়। শুরুতেই যদি বিতর্ক সৃষ্টি হয়, তাহলে কমিশনের জন্য কাজ করা কঠিন হয়ে পড়বে। যাঁদের কমিশনের জন্য সুপারিশ করা হবে, তাঁরা ছাত্রজীবন, কর্মজীবন কিংবা এখন কোনো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত নন—এটা নিশ্চিত করতে হবে।
শামসুল হুদা আরও বলেন, এমন ব্যক্তিদের বাছাই করা উচিত। যাঁরা ওই পদের জন্য যোগ্যতাসম্পন্ন। তাঁদের হতে হবে সাহসী। নির্বাচনসংক্রান্ত আইনগুলো তাঁরা যেন কঠোরভাবে পালন করতে পারেন, সেসব ব্যক্তিকে ইসিতে নিয়ে আসতে হবে।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, ‘মতবিনিময়ের মূল উদ্দেশ্য ছিল সার্চ কমিটির একটা ধারণা নেওয়া যে মানুষজন কোন ধরনের ব্যক্তিদের নির্বাচন কমিশনে দেখতে চায়। আমরা নির্বাচন কমিশনে এমন ব্যক্তিদের দেখতে চাই, যাঁরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। যাঁরা মনে করবেন, এটা কোনো সুযোগ-সুবিধার জায়গা নয়। এটা একটা বিরাট জাতীয় দায়িত্ব, যা তাঁদের ওপর অর্পণ করা হয়েছে। সেই দায়িত্ব তাঁরা সততা ও যোগ্যতার সঙ্গে পালন করতে পারবেন, সে রকম ব্যক্তিদের যেন সার্চ কমিটি খুঁজে পেতে পারে, সে জন্য সার্চ কমিটি আমাদের সঙ্গে বসেছে।’
অনুসন্ধান কমিটি নিয়ে আস্থার সংকট আছে—এমন বিষয়ে মতামত জানতে চাইলে সুলতানা কামাল বলেন, ‘আস্থার সংকটটা কিন্তু বিভাজিত। কিছু মানুষের আস্থার সংকট আছে। কিছু মানুষের নেই। আস্থার সংকটের কাছে দাঁড়িয়ে থাকলে কখনো সামনের দিকে এগোতে পারব না। আস্থার সংকট অনেকটা প্রশমিত হয়ে গেছে।’
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘একবাক্যে সবাই এ কথা বলেছেন যে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করতে হবে। সে ধরনের ব্যক্তিদের বেছে নিতে হবে। যাঁদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমরা কারও নাম প্রস্তাব করিনি। আমাদের কাছে নাম চাওয়াও হয়নি।’
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘নির্বাচন কমিশনারদের কী কী গুণ থাকা উচিত, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা কেউ কেউ বলেছি, এখনো আইন প্রণয়নের সুযোগ আছে। এই নির্বাচন কমিশন এক-দুই মাস শূন্য থাকলে এমন কোনো সমস্যা হবে না।’
তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য আমরা সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছি।’