মতলব ও নান্দাইলে বিএনপির সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় উপজেলা সদরের সিঙ্গাপুর প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করে।
এদিকে পুলিশের বাধার কারণে ময়মনসিংহের নান্দাইলে বিএনপি মিছিল বের করতে পারেনি। গতকাল বুধবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল বের করার স্থানটি পুলিশ ঘিরে রাখে।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির তিনজন নেতা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি উপজেলা সদর বাজারে মিছিল বের করে। উপজেলা সদরের সিঙ্গাপুর প্লাজা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বেলা সাড়ে তিনটায় সমাবেশের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন খান।
ওই সূত্র জানায়, সমাবেশে বিএনপির স্থানীয় একজন নেতার বক্তৃতা শেষে পুলিশ আচমকা উপস্থিত নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করে। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সেখান থেকে পুলিশ পৌর বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য নূরে আলম ও উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমানকে আটক করে। পুলিশের লাঠিপেটায় সামান্য আহত হন পৌর বিএনপির সভাপতি শোয়েব সরকার, সাধারণ সম্পাদক শোয়েব আহম্মেদ ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, নিয়ম ভঙ্গ করে এবং অনুমতি না নিয়েই বিএনপি ওই সমাবেশ করছিল। এ কারণে সমাবেশ হতে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, বিএনপির কোনো নেতা-কর্মীর ওপর পুলিশ হামলা করেনি।
নান্দাইল বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারেক রহমানকে মানি লন্ডারিংয়ের মামলায় কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গতকাল বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতা-কর্মীরা নান্দাইল পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এ এফ এম আজিজুল ইসলামের বাড়ির আঙিনায় জড়ো হতে থাকেন। এ খবর পেয়ে বিকেল পাঁচটায় নান্দাইল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, পরিদর্শক (তদন্ত) মো. খলিলুর রহমান একদল পুলিশ নিয়ে এ এফ এম আজিজুল ইসলামের বাড়ির প্রবেশপথে অবস্থান নেন।
আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পুলিশের বাধার কারণে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারিনি।’