মতামত তৃণমূলের, সিদ্ধান্ত কেন্দ্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র থেকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। এর আগে স্থানীয় নেতাদের মতামত নেওয়া হবে। সিদ্ধান্ত দিতে কেন্দ্রীয় ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে একটি কমিটি গঠন করা হতে পারে।

আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, প্রার্থী মনোনয়ন নিয়ে মাঠপর্যায়ে কোন্দল ও দলাদলি হতে পারে। এতে সবাই এক সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না-ও করতে পারে। এমনকি মাঠের নেতাদের সিদ্ধান্ত যৌক্তিক না হলে বিদ্রোহী হিসেবে দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। এতে দলের ভালো ফলাফলে বাধা সৃষ্টি হতে পারে। দলটির নেতারা বলছেন, নানা কারণে দলের ত্যাগী ও পরীক্ষিত, গ্রহণযোগ্য প্রার্থীরাও বাদ পড়তে পারেন। এ জন্য কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে অনেক সমস্যার সমাধান হবে।
এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এখনো ঠিক হয়নি। তাঁর মতে, একক প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রীয় ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়ে বিশেষ সেলও গঠন করা হতে পারে। আজ রাতেই প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করে আওয়ামী লীগের অপর দুজন সাংগঠনিক সম্পাদক বলেন, তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন—পৌরসভা নির্বাচন উপলক্ষে অধিকাংশ জেলা-উপজেলায় দলাদলি বেড়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ-স্থানীয় প্রভাবশালী নেতারা এখন মুখোমুখি। প্রতিটি পৌরসভায় কারও না কারও ছেলে, শ্যালক, ভগ্নিপতি বা কাছের স্বজন রয়েছেন। এতে কেন্দ্র থেকে মেয়র প্রার্থী চূড়ান্ত করা ছাড়া উপায় দেখছেন না তাঁরা। আজকের বৈঠকে এ বিষয়টি তুলে ধরা হবে।
আওয়ামী লীগের আজকের বৈঠকে কার্যনির্বাহী সংসদের সদস্যরা ছাড়াও সংসদীয় বোর্ডের সদস্যরা থাকবেন। দলটির একজন শীর্ষ নেতার মতে, পৌরসভা নির্বাচন উপলক্ষে এই সংসদীয় বোর্ডের আকার বড় করা হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য এই বোর্ডের আলাদা একটি নামও হতে পারে। নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট দামে দলের মনোনয়ন ফরম বিক্রয়, দলীয় যাচাইবাছাই করা হতে পারে। এরপর দলের প্রার্থী কে তা দলীয় ‘ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি’ ঘোষণা ও স্বাক্ষর করবেন।
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংসদীয় বোর্ড দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী নির্ধারণ করেন। আজকের বৈঠকে সংসদীয় বোর্ডের সদস্য সভানেত্রী ডেকেছেন। তিনি নির্দেশ দিলে এই বোর্ডও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নেও কাজ করতে পারে।’
দলটির দুজন নেতার দাবি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতারাই সম্ভাব্য মেয়র তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন। তালিকার শীর্ষে মূল প্রার্থীর পাশাপাশি বিকল্প একাধিক প্রার্থীর নাম রাখতে বলা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৈরি করা এ তালিকা গোয়েন্দা সংস্থার জরিপ ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব মাধ্যমে সংগ্রহ করা তথ্য-উপাত্তের সঙ্গে মিলিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। আর যেসব পৌরসভায় বর্তমানে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র রয়েছেন, দলীয় প্রার্থী মনোনয়নে তাদেরই প্রাধান্য দেওয়া হতে পারে।
দলটির নেতারা বলছেন, প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দিতে চান। কারণ কোনো পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের অর্থ হলো নৌকার পরাজয়। এ জন্য প্রতিটি পৌরসভায় একক মেয়র প্রার্থী নিশ্চিত করাই দলের নীতিনির্ধারকদের প্রথম লক্ষ্য।