মতিয়র নতুন সভাপতি আশরাফ ফের সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে গতকাল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতা করেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম l ছবি: প্রথম আলো
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে গতকাল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতা করেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম l ছবি: প্রথম আলো

এক যুগ পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানকে সভাপতি এবং আশরাফ আলী খান ওরফে খসরুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আশরাফ আলী আগের কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে দুই সদস্যের ওই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

.
.

কমিটি ঘোষণার আগে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তিনি অত্যন্ত কর্মঠ, সৎ ও নিষ্ঠাবান। উনি সব সময় দেশকে নিয়ে ভাবেন। বিএনপির নেত্রী খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার কোনো তুলনা করা যাবে না।’
মাত্র পাঁচ মিনিট স্থায়ী ওই বক্তব্যে কমিটি নিয়ে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সবার মতামত নিয়ে নিজে এই কমিটি করে আমার হাতে দিয়েছেন। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে আপনারা এই কমিটি মেনে নিবেন। আমি তাঁদের নাম ঘোষণা করছি।’
এ সময় মাঠে প্রায় ১২ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা হাত তুলে এই কমিটিকে সমর্থন জানান।
সম্মেলনে মতিয়র রহমান খান সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আশরাফ আলী খান। এতে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, কাজী জাফর উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপকমিটির সহসম্পাদক শফি আহমেদ প্রমুখ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তাঁর বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম মিথ্যা দুর্নীতির সংবাদ প্রকাশ করেছেন। তিনি নিজেও তা স্বীকার করেছেন ডিজিএফআইয়ের নির্দেশে নাকি তিনি এ কাজ করেছেন। তাহলে সাংবাদিক হয়ে তিনি কীভাবে এ কাজ করলেন। সাংবাদিকেরা নাকি জাতির বিবেক? এই সম্পাদকের বিচার হতে হবে। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি আমি এই সম্মেলনের মাধ্যমে দাবি করছি।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘বেগম জিয়া এখনো দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি এখনো বাংলাদেশ নামক রাষ্ট্র চান না। খালেদার ৯২ দিনের আগুন-সন্ত্রাস আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি।’
এদিকে সম্মেলনকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে মোক্তারপাড়া মাঠে জড়ো হতে থাকেন। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয় বেশ কিছু তোরণ।