শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের পরপর চারটি সভায় অনুপস্থিত থাকায় কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ মতিয়া চৌধুরী ও শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সাংসদ এ কে এম ফজলুল হকসহ দলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় শহরের চকবাজারের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সভাপতি ও জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
চারটি সভায় অনুপস্থিত অন্য চার নেতা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুন্নাহার কামাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হক ও সাধারণ সম্পাদক ফজলুল হক এবং নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ। তাঁদের মধ্যে শামছুন্নাহার কামাল ছাড়া অন্য পাঁচজন জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সভায় কার্যনির্বাহী পরিষদের ৭১ সদস্যের মধ্যে ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
সাংসদ ফজলুল হক প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি পুনর্গঠনের জন্য তিনি দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের কাছে একটি চিঠি দিয়েছেন। এখন পর্যন্ত সেটির কোনো সুরাহা হয়নি। কমিটি পুনর্গঠনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর তিনি জেলা কমিটির সভায় যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
শামছুন্নাহার কামাল বলেন, গত বছরের ৬ নভেম্বর সভা ছাড়া আর কোনো সভার চিঠি তিনি পাননি। তাই সভায় যোগ দেননি। শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, মতিয়া চৌধুরী দলের সভাপতিমণ্ডলীর সদস্য। জেলা কমিটি তাঁকে কারণ দর্শানো নোটিশ দিতে পারে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে।
মতিয়া চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শেরপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে জামায়াত ও স্বাধীনতাবিরোধী লোকজনকে স্থান দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তাঁর নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ী থেকে কেন্দ্রে অভিযোগ দেওয়া আছে। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিটির সভায় কেউ যেতে পারেন, কেউ না-ও যেতে পারেন। সম্মেলনের আগে ১৩ বছর যে কমিটি ছিল, সে কমিটির সভায়ও তিনি যাননি। তবে অভিযোগের নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।