মতের সঙ্গে মিল না হলেই অত্যাচার করছে সরকার: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীনদের দেশবিরোধী শক্তি বলে উল্লেখ করেছেন। এদের সরাতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শত নাগরিক জাতীয় কমিটির উদ্যোগে খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যার মতের সঙ্গে তাদের মিল হয় না, তাদেরই এই সরকার অত্যাচার করছে। একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য তারা এসব করছে। ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকারের বাংলাদেশ উপহার দিতে গেলে সবাইকে জোটবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের কোনো বিকল্প নেই রাস্তায় নেমে আসা ছাড়া। শুধু রাজনৈতিক দল বিএনপি নয়, বিরোধী দল নয়, সবাইকেই নেমে আসতে হবে। আজকে এই যে ভয়ংকর দেশবিরোধী শক্তিতে পরিণত হয়েছে। এই দেশবিরোধী শক্তিকে সরাতে হলে সাইকে সোচ্চার হতে হবে।’
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাদত্রদলের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় অত্যাচার করেছে।’ এ ছাড়া তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে কোনো রকম উসকানি ছাড়া পুলিশ তাণ্ডব করে এবং ১৮৭ রাউন্ড গুলি করে। এতে বিএনপির ৪২ জন আহত হয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান প্রসঙ্গে বলেন, তিনি একজন সৎ, পেশাজীবী শিক্ষক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন।
শত নাগরিক কমিটির অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক কামরুল আহসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ, বাকের হোসাইন, সৈয়দ আবদাল আহমেদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও প্রয়াত খন্দকার মুস্তাহিদুর রহমানের ছেলে খন্দকার আশফাকুর রহমান।