মধুখালীতে বিএনপি নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. জহুরুল হক। একই সঙ্গে তিনি বিএনপির সব কমিটি থেকে পদত্যাগ করেছেন।
গতকাল সোমবার বিকেলে মধুখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এতে লিখিত বক্তব্য পড়েন জহুরুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি শারীরিক অসুস্থতা ও চাকরিগত কারণে বিএনপির সকল পদ হতে পদত্যাগ করছি। আজ থেকে আমি আর বিএনপির নেতা নই।’
জহুরুল হক বলেন, ইতিমধ্যে তিনি তাঁর পদত্যাগপত্র জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন।
সাধারণ সম্পাদকের পদত্যাগের ব্যাপারে মধুখালী পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ বলেন, প্রায় এক সপ্তাহ ধরে বাড়িতে ও কর্মস্থলে পুলিশি হয়রানির শিকার হচ্ছিলেন জহুরুল। প্রসঙ্গত জহুরুল হক ফরিদপুর চিনিকলে সাব জোন করণিক হিসেবে কর্মরত। তিনি এর আগে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১২ নভেম্বর তিনি সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।