মধুখালীতে বিএনপির নতুন কমিটিতে পুরোনো নেতারা
ছয় বছর পর গতকাল শনিবার ফরিদপুর মধুখালী উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে নতুন যে কমিটি ঘোষণা দেওয়া হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ তিনটি পদে আগের কমিটির তিন প্রধান ব্যক্তিকেই রাখা হয়েছে।
তাঁরা হলেন রাকিব হোসেন চৌধুরী (সভাপতি), মো. আবুল কাশেম (সাধারণ সম্পাদক) ও হায়দার আলী মোল্লা (সাংগঠনিক সম্পাদক)। ২০০৯ সালের নভেম্বরে উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে ওই তিন ব্যক্তিকে উল্লিখিত পদে মনোনীত করা হয়।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে উপজেলা সদরের মেছড়দিয়া মহল্লার আরএম একাডেমি-সংলগ্ন মাঠে এ সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ্ মো. আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোদ্দারেছ আলী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক জুলফিকার হোসেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি জহুরুল হক। বেলা আড়াইটার দিকে সম্মেলন শেষ হয়। পরে প্রধান অতিথি শাহ্ মো. আবু জাফর ওই তিন ব্যক্তিকে অপরিবর্তিত রেখে ১০১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।