মধ্যবর্তী নির্বাচনের পরিস্থিতি এখনো আসেনি: রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের পরিস্থিতি এখনো আসেনি। বিরোধী দলের (বিএনপি) নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। কিন্তু জনগণ মাঠে নামেনি।
দশম সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ কথা বলেন।
রওশন এরশাদ আরও বলেন, মধ্যবর্তী নির্বাচন করতে হলে সবার সঙ্গে আলোচনা করেই করতে হবে। দেশের শান্তির জন্যই আমরা আলোচনা চাই। সংসদের ভেতরে-বাইরে আলোচনা হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে মধ্যবর্তী নির্বাচনের দরকার আছে। নির্বাচন সময়সাপেক্ষ ব্যাপার।
খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা সম্পর্কে বিরোধীদলীয় নেতা বলেন, ‘খালেদা জিয়ার নিরাপত্তার জন্যই এটা করা হয়েছে। নিরাপত্তার জন্য করে থাকলে আমাদের কিছু বলার নেই। এ বিষয়ে নিশ্চয় সরকারের কাছে কোনো তথ্য আছে, যা আমাদের কাছে নেই। তবে অগণতান্ত্রিকভাবে যদি এটা করা হয়, তবে আমরা সমর্থন করি না।’
সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘সংসদ বর্জনের বিরোধী দল হতে চাই না। সরকারের ভালো কাজের প্রশংসা করব। খারাপ করলে বিরোধিতা করব, ওয়াকআউট করব।
সরকারের মন্ত্রিসভায় জাপার অংশ নেওয়ার বিষয়ে রওশন এরশাদ বলেন, ‘মন্ত্রিসভায় আমাদের যাঁরা আছেন, তাঁদের বের করে নিয়ে আসব। এ বিষয়ে অচিরেই সিদ্ধান্ত হবে।’
৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়া প্রশ্নে রওশন এরশাদ বলেন, নির্বাচন না হলে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসত। তাতে দেশের অবস্থা ভালো হতো না। গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাপা নির্বাচনে অংশ নিয়েছিল। এর আগেও জাপা গণতন্ত্রের স্বার্থে সবগুলো নির্বাচনে অংশ নিয়েছিল। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। নির্বাচনে অংশ নিলে তারা ক্ষমতায় আসতে পারত। গণতন্ত্রের জন্যই তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত ছিল।
রওশন এরশাদ বলেন, নির্বাচনের আগে পেট্রলবোমায় চার শতাধিক লোক মারা গিয়েছিল। হাজার হাজার লোক আহত হয়েছিল। এখন দেশে শান্তি ফিরে এসেছে। জনমনে স্বস্তি ফিরে এসেছে। অর্থনৈতিক ও সামাজিক সূচকে দেশের উন্নয়ন হয়েছে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, রাজনৈতিক শান্তি না এলে দেশের উন্নয়ন হয় না। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই দলগুলোর ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। বড় দুটি দল পাশাপাশি বসে আলোচনা করলে দেশ অনেক দূর এগিয়ে যেত। রাজনৈতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের চেয়েও খারাপ। এই দুর্যোগ কাটিয়ে উঠলে এ দেশ সোনার দেশে পরিণত হবে। জাপান-চীনসহ অনেক দেশ বিনিয়োগে এগিয়ে এসেছে। দেশ অস্থিতিশীল থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না। তাতে দেশ পিছিয়ে যাবে।