মধ্যবর্তী নয়, নতুন নির্বাচন দাবি করছে বিএনপি

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, নতুন একটি জাতীয় নির্বাচনের দাবি করছে বিএনপি।
আজ রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন তখনই আসে, যখন একটি নির্বাচিত সরকার তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগে-ভাগে একটি নির্বাচন দেয়। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা স্বাভাবিক নির্বাচন ছিল না। সেটা ছিল অস্বাভাবিক নির্বাচন। তাই কোনো মধ্যবর্তী নয়, বিএনপি নতুন নির্বাচনের দাবি করছে।
আগামী নির্বাচনে না গেলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, বিএনপির প্রতি সৈয়দ আশরাফের এমন সহানুভূতির জন্য ধন্যবাদ জানাই। তবে বিএনপির ধ্বংস বা বিলুপ্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ এই দলের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের আদর্শে জেগে থাকবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় যাবে। সরকার বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও মেনে নেবে বলে তিনি আশা করেন।
আসাদুজ্জামান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর মূল্য সংযোজন কর আরোপেরও প্রতিবাদ জানান। তিনি এ বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।