মনজুরুলকে হত্যা পুরোনো ষড়যন্ত্রের আরেক রূপ: কাদের
গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) কারা হত্যা করেছে, তা দেশের মানুষের জানা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই হত্যা জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিপক্ষে পুরোনো ষড়যন্ত্রেরই আরেক রূপ।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপনের প্রস্তুতিসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। নগর ভবন মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ আর ২০১৭ সাল এক নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত-আদর্শের উত্তরসূরি শেখ হাসিনাও এখন অনেক বেশি শক্তিশালী। জনগণের ভোটে আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না। তাই আজ ষড়যন্ত্রকারীরা চক্রান্তের চোরাগলিতে এসে গিয়েছে। গাইবান্ধায় সাংসদকে মেরে টেস্ট কেস নিয়েছে ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। সেই আগুনের লেলিহান শিখায় ষড়যন্ত্রকারীরা ছাই হয়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, সাংসদ মনজুরুল ইসলাম বছরের প্রথম সাম্প্রদায়িক হামলা শিকার। সাংসদকে কারা হত্যা করেছে, তা সারা দেশের মানুষের জানা হয়ে গেছে। এই হত্যা জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের বিপক্ষে পুরোনো ষড়যন্ত্রেরই আরেক রূপ। তিনি বলেন, লিটন হত্যার পর তাঁর নির্বাচিত এলাকায় যে জনপ্রতিরোধ গড়ে উঠেছে, তাতেই প্রমাণ করে লিটনের কী জনপ্রিয়তা ছিল, কোন প্রকৃতির নেতা ছিলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর দলটি নবচেতনায় উদ্বেলিত হয়ে যাত্রা শুরু করেছে। এখন আওয়ামী লীগের যেকোনো সমাবেশেই জনপ্রতিনিধি ও তাঁদের ভোটারদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। সুতরাং এই দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের উন্নয়ন তখনেই বুঝব, যখন এই এলাকায় খাদ্য ভেজাল থেকে মুক্ত হবে। এই এলাকার তরুণ প্রজন্ম মাদকমুক্ত হবে। আমি মনে করি, খোকন উদ্যমী নেতা সে পারবে।’
সাঈদ খোকনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।