
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংসদ মনজুরুলের রক্তের দাগ এখনো শুকায়নি। এ হত্যা নিয়ে রাজনীতি করবেন না। মনোনয়ন নিয়ে কাড়াকাড়ি করবেন না। সুন্দরগঞ্জের মানুষ যাঁকে পছন্দ করেন, জননেত্রী শেখ হাসিনা তাঁকেই মনোনয়ন দেবেন। তিনিই হবেন সাংসদ মনজুরুলের উত্তরসূরি।’
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ মাঠে গতকাল শনিবার নাগরিক কমিটি আয়োজিত সাংসদ মনজুরুল ইসলাম স্মরণে শোকসভায় মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সেতুমন্ত্রী বলেন, সাংসদ মনজুরুল হত্যাকাণ্ড নিয়ে যারা ধোঁয়াশার সৃষ্টি করে হত্যার ঘটনা আড়াল করতে চায়, তাদের মতলব সফল হবে না। সাংসদ হত্যার বিচার বাংলার মাটিতেই হবে। যারা সাংসদকে হত্যা করেছে, তাদের চরম মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাংসদ মনজুরুলের স্ত্রী খুরশিদ জাহান প্রমুখ।