মনজুরের প্রচারণার গাড়িতে 'ছাত্রলীগের' হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২০ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রচারণার কাজে নিয়োজিত গাড়িতে ছাত্রলীগের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের পলিটেকনিক মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

জানা গেছে, হামলার সময় মনজুর আলম গাড়িতে না থাকলেও মাইকম্যানসহ ছয়-সাতজন ব্যক্তি ছিলেন। তাঁদের মারধর করা হয়। এতে গাড়িচালক মোহাম্মদ খোরশেদ ও মাইকম্যান বাবুল আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে, ছাত্রলীগ নামধারী প্রায় ৩০-৪০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। তাঁরা গাড়ির সামনের আয়না ভাঙচুর করে। গাড়িতে থাকা মাইক-ব্যাটারি, লিফলেট ও ব্যানার ছিনিয়ে নেয়। হামলাকারীরা জয় বাংলা ও হাতি মার্কার পক্ষে স্লোগান দেয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মনজুর আলমের প্রচারণার গাড়িতে হামলার ঘটনায় গাড়িচালক বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

এ দিকে আজ বিকেলে নগরের রিমা কমিউনিটি সেন্টারে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে মেয়রপ্রার্থী মনজুর আলম বলেন, ‘পাঁচলাইশে গণসংযোগ শেষ করে যে গাড়িতে (পিক আপ) আমি প্রচারণা চালাই, তা আমার বাড়ি ফেরার পথে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে হামলা চালিয়ে গাড়ির আয়না ভেঙে দেওয়া হয়েছে। গাড়ির চালককে আহত করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে। এটি দুঃখজনক।’

এ ব্যাপারে কথা বলতে ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।