
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুকে জোটগত সমর্থন দেওয়ার ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে দলটির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গতকাল জোটের শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে উৎসবমুখর পরিবেশে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন পাঁচ প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাঁরা পৃথকভাবে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
গতকাল বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদকে ২০-দলীয় জোটের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিশের শফিকউদ্দিন, জাতীয় পার্টির (বিজেপি) আব্দুল মতিন সাউদ, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূইয়া, জাগপার খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, ইসলামী ঐক্যজোটের আব্দুল করিম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এলডিপির রেদোয়ান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল সবার মনোনয়নপত্র গ্রহণ করেন। গতকালই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা, বিএনপির মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কমিটির জনসংখ্যাবিষয়ক সম্পাদক শিরিন আক্তার, প্রগ্রেসিভ ডেমোক্র্যাট পার্টি (পিডিপি) কুমিল্লা জেলা শাখার সহসাধারণ সম্পাদক সোয়েবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মামুনুর রশিদ।
তাঁদের মধ্যে আঞ্জুম সুলতানা গতকাল বেলা ১১টা ৩৫ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজল খান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নূর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম। এ ছাড়া বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আঞ্জুম সুলতানা সাংবাদিকদের বলেন, ‘আমি কুমিল্লার মেয়ে। কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সিটি করপোরেশনে প্যানেল মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর ছিলাম। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। নৌকা প্রতীকের পক্ষে সবাইকে কাজ করতে হবে। আমাদের দলের মধ্যে কোনো বিভেদ নেই। ভবিষ্যতেও থাকবে না।’
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক মনোনয়নপত্র জমা দেন দুপুর ১২টা ৪৫ মিনিটে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক, বর্তমান সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মনিরুল হক সাংবাদিকদের বলেন, ‘বিএনপি গতবার ইভিএমের কারণে কুমিল্লায় নির্বাচনে অংশ নেয়নি। তখন আমি দল থেকে অব্যাহতি নিয়ে নাগরিক সমাজের ব্যানারে প্রার্থী হয়ে জয়লাভ করি। এবার আমার পক্ষে দল আছে। দলীয় প্রতীক আছে। নতুন নির্বাচন কমিশন নিশ্চয়ই ভালো নির্বাচন করবে।’ তিনি বলেন, ‘গতবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাবাকে হারিয়েছি। এবার তাঁর মেয়ে প্রার্থী হয়েছেন। জনগণ কাজের মূল্যায়ন করে আমাকে রায় দেবেন।’
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই হবে। ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিনই যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৫ মার্চ তাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।