মনে হচ্ছে আওয়ামী লীগই দেশের মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গুপ্তহত্যা, সন্ত্রাস, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আওয়ামী লীগ দেশে এমন পরিস্থিতি তৈরি করেছে যে, মনে হচ্ছে এখন আর দেশের মালিক জনগণ নয়, আওয়ামী লীগই দেশের মালিক।’
গতকাল রোববার নগরের বরিশাল ক্লাবে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জের আতঙ্ক শামীম ওসমানের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘোষণা থেকেই বোঝা যায় দেশের মানুষের জানমালের নিরাপত্তা আজ কোথায় গিয়ে পৌঁছেছে। জনগণকে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কুলাঙ্গার বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, ‘তারেক রহমান জনগণের পক্ষে কথা বলায় যদি কুলাঙ্গার হন, তা হলে যারা ক্ষমতায় থেকে ব্যাংকের রিজার্ভ থেকে ৩০০ মিলিয়ন ডলার লুট করেছে, তাদের কী বলতে হবে? দেশের জনগণই একদিন এর জবাব দেবে।’
বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ।