মনে হয় বিএনপিকে ‘এলএসডি’ খাইয়ে দিয়েছে সরকার: জাফরুল্লাহ চৌধুরী
বিএনপির সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মনে হয় সরকার যেন তাদের ‘এলএসডি’ খাইয়ে দিয়েছে। অসুস্থ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না পাওয়ার পরও দলটি কোনো আন্দোলন-কর্মসূচি না নেওয়ায় এ কথা বলেছেন তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক সংকট উত্তরণ কোন পথে’ শিরোনামের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
বিএনপি–সমর্থক পেশাজীবী নেতা হিসেবে পরিচিত জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন বিএনপিকে দেখলে মনে হয় সরকার তাদের এলএসডি খাইয়ে দিয়েছে। বিএনপি এখন সত্য কথা বলতে ভয় পায়। বিএনপির উচিত ছিল যেদিন সরকার খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দেয়নি, সেই দিন থেকে অনশনে বসার। সেদিন বলা উচিত ছিল, ‘আমি কাশিমপুরে ফেরত যেতে চাই। ফিরোজায় যেতে চাই না।’
অনেক পুরোনো একটি মাদকের নাম এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড)। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর তদন্ত করতে গিয়ে ঢাকায় এই মাদক ব্যবহারের বিষয়টি সামনে এসেছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
এদিকে গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এখনো তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছিল তাঁর পরিবার। তবে সাজাপ্রাপ্ত কারও বিদেশে চিকিৎসার সুযোগ নেই জানিয়ে ওই আবেদন নাকচ করে সরকার।
বিএনপিকে পরামর্শ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুদিবসের সঙ্গে ১৫ দিন খালেদা জিয়ার মুক্তির জন্যও বিএনপির আন্দোলনের ঘোষণা দেওয়া উচিত। মুক্তির জন্য রাস্তায় থাকা। যত দিন খালেদা জিয়ার বিচার চলছে, তাঁর অধিকার রয়েছে জামিন পাওয়ার। আজ বিএনপিকে প্রমাণ করতে হবে তারা এলএসডি খায়নি। তা না হলে তারা আত্মহত্যা করেছে। খালেদা জিয়ার একমাত্র চিকিৎসা হচ্ছে তাঁর মুক্তি।’
বাংলাদেশ লেবার পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, ‘দেশে এখন সবচেয়ে বড় সংকট করোনা। তবে এর থেকে বড় সংকটে আমরা আছি, যারা এখন ক্ষমতায় আছে তাদের নিয়ে। আমরা ভারত থেকে টিকা কিনেছিলাম ৫ ডলারে। এখন চীন থেকে কিনছি ১০ ডলারে। এই সংকট তৈরি হয়েছে যারা ক্ষমতায় আছে তাদের জন্য।’
মাহমুদুর রহমান বলেন, মানুষের মনন, চিন্তা ও চেতনায় পরিবর্তন আনতে হবে। সংকট উত্তরণে সঠিক দল বাছাই করে নিতে হবে। জাতীয় স্বার্থে ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে একই কর্মসূচি দিতে হবে।
নুরুল হক বলেন, ‘আমাদের যে সংকট তৈরি হয়েছে, তা আগামীকাল নির্বাচন দিয়ে অবস্থার পরিবর্তন করা যাবে না। আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। রাজনৈতিক সমস্যাগুলোর সংস্কার করতে হবে।’
বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলো হলো: ‘ভোটারবিহীন’ নির্বাচনের মধ্য দিয়ে আসা এই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, ‘মেরুদণ্ডহীন ’নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনী আইনের সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কালোবাজারি সিন্ডিকেট রোধে টাস্কফোর্স গঠন ও টিসিবিকে কার্যকর করা, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকলসহ বন্ধ কলকারখানা চালু এবং কৃষিতে ভর্তুকি বাড়িয়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।