মনেপ্রাণে বিশুদ্ধ বাঙালি ছিলেন অজয় রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদ অজয় রায় মনেপ্রাণে বিশুদ্ধ বাঙালি ছিলেন। তাঁর জীবনের মনোভূমি তৈরি হয় শোষিত-নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের আরাধনা দিয়ে। সে কারণেই তিনি ছিলেন আজীবন আপসহীন নীতিনিষ্ঠ একজন দেশপ্রেমিক মানুষ।

সদ্যপ্রয়াত এই রাজনীতিবিদের মৃত্যুতে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ এই শোকসভার আয়োজন করে। বক্তারা বলেন, অজয় রায় সমাজ থেকে বিভক্তি দূর করতে কাজ করে গেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তিনি স্বপ্ন দেখতেন। তাই অজয় রায়ের জীবনী ছোটদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা দরকার।

১৭ অক্টোবর অজয় রায় ঢাকায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, অজয় রায় সারা জীবন মানুষের জন্য কাজ করে রেখেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে যখন তাঁর দীর্ঘকালের লালিত স্বপ্ন ভেঙে যায়, তখন তিনি হতাশ হননি। বিকল্প পথ সন্ধান করেছিলেন। তিনি মনে করেছিলেন যে নতুন করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশে ঈপ্সিত পরিবর্তন আনা সম্ভব হবে। এ জন্য তিনি অনেকের সঙ্গে আলাপ করতেন, অনেকের কাছে যেতেন।

অজয় রায়ের শূন্যতা পূরণ হওয়ার নয় উল্লেখ করে অধ্যাপক অজয় রায় বলেন, ‘তাঁর চলে যাওয়া বেদনাদায়ক। আমরা আসলেই তাঁকে চিরদিনের জন্য হারিয়েছি। প্রাণবন্ত অজয়দার চলে যাওয়ার বেদনা তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে বইতে হবে।’

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশে অজয়দা ৭৫ বছর সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি ছিলেন সবারই কমবেশি অভিভাবক। তাই তাঁর দেখানো পথে আমরা হাঁটতে পারি।’ দেশের বর্তমান প্রেক্ষাপটে অজয় রায়ের মৃত্যু বড় শূন্যতা সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বলেন, রাজনীতির প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন অজয় রায়। বয়সে প্রবীণ হলেও তিনি ছিলেন মনের দিক দিয়ে নবীন।

শোকসভায় আরও বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী সাইদুজ্জামান, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগ নেতা নূহ-উল-আলম লেনিন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, অধ্যাপক আবুল বারকাত, অর্থনীতিবিদ এম এম আকাশ, জাসদ নেতা শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, মণি সিংহ-ফরহাদ ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, আদিবাসী ফোরামের নেতা সঞ্জীব দ্রং, অজয় রায়ের স্ত্রী জয়ন্তী রায়, বড় মেয়ে অনিন্দিতা রায় ও একমাত্র ছেলে অমিতাভ রায়।