মনের বাঘের ভয়ে বনে আগুন দিচ্ছে সরকার: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার ওপরে ওপরে সবদিক থেকে ফিটফাট, কিন্তু ভেতরে সদরঘাট’—এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কথাবার্তায় ওদের (সরকার) যা অবস্থা, তাদের বনের বাঘে তাড়া না করলেও মারাত্মকভাবে মনের বাঘে খাচ্ছে। সে কারণে তারা বনে আগুন দিচ্ছে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি দাবি করেন, এ সরকার জনগণকে তো ভয় পায়ই, এমনকি যাঁরা কবরে শায়িত আছেন, তাঁদেরও ভয় পায়।
বিএনপির এই নেতার অভিযোগ, নাসির উদ্দিন পিন্টুকে কারাবন্দী করেও স্বস্তি পায়নি। তাঁকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, নেতা-কর্মীদের নির্যাতন ও দুর্নীতির অভিযোগ করে বলেন, ‘এই সরকারের দুর্গন্ধে বিশ্ববাসীকেও নাকে রুমাল দিয়ে হাঁটতে হচ্ছে।’
সভায় নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা তাঁর স্বামীকে কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘রাজশাহীর কারাগার থেকে হাসপাতালের দূরত্ব দুই মিনিটের। কিন্তু মৃত্যু নিশ্চিত হওয়ার পর কেন তাঁকে হাসপাতালে নেওয়া হলো? আমি দেশবাসীর কাছে এর বিচার চাই।’
বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ নামের একটি সংগঠন এ স্মরণসভার আয়োজন করে। সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, দলের কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজীব হাসান।