মনোনীত প্রার্থীর তালিকা পাঠাতে আ.লীগের নির্দেশ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের মনোনীত প্রার্থীদের তালিকা দলের তৃণমূলকে আজ সোমবারের মধ্যেই পাঠাতে বলেছে আওয়ামী লীগ। গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং যে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটি নির্বাচনী বোর্ড গঠিত হবে। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে বর্ধিত সভা করে একজন প্রার্থীর নাম সুপারিশ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেই সুপারিশকৃত নাম উল্লিখিত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ড (ছয়জনের নাম ও স্বাক্ষর) প্রার্থী চূড়ান্ত করে সোমবারের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় বরাবর পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত প্রার্থীর নাম (ভোটার নম্বর) এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সব তথ্য প্রার্থীর নামের সঙ্গে পাঠাতে হবে। প্রার্থীর ভোটার পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট আকারের ছবি ও মুঠোফোন নম্বর অবশ্যই পাঠাতে হবে।
সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্বাচিত স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।