মনোনীতদের আজ থেকে চিঠি দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থী মনোনয়নের কাজ প্রায় শেষ করেছে বিএনপি। ২৩৬টি পৌরসভার মধ্যে গতকাল সোমবার পর্যন্ত প্রায় সোয়া ২০০ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। মনোনীতদের আজ মঙ্গলবার থেকে চিঠি দেওয়া শুরু করবে দলের কেন্দ্রীয় দপ্তর।
নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। তবে সংশ্লিষ্ট আরেকটি সূত্র বলেছে, মনোনীতদের পাশাপাশি সব পৌরসভায় বিকল্প প্রার্থী রাখারও কৌশল নেওয়া হয়েছে। যাতে মনোনীত কারও প্রার্থিতা বাতিল হলে বিকল্প প্রার্থী দলের প্রতিনিধিত্ব করতে পারেন। তবে বিকল্প প্রার্থীদের কেন্দ্র থেকে কোনো চিঠিপত্র দেওয়া হবে না। এটি স্থানীয়ভাবে সমন্বয় করা হবে। অবশ্য এই কৌশলের কথা দলীয় অন্য সূত্রগুলো নিশ্চিত করেনি।
বিএনপির সূত্র বলেছে, গত রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩৬টি পৌরসভার মধ্যে ১০-১২টিতে প্রার্থী মনোনয়ন বাকি ছিল। সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রার্থী মনোনয়নে দলের নীতিনির্ধারকেরা মোটা দাগে যোগ্যতার তিনটি শর্ত নির্ধারণ করেছেন। এর মধ্যে যেসব পৌরসভায় দল-সমর্থিতরা বর্তমানে মেয়র হিসেবে আছেন, তাঁদের প্রায় সবাই মনোনয়ন তালিকায় আছেন। আর বিগত পৌর নির্বাচনে দল-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে যাঁরা পরাজিত হয়েছিলেন এবং এলাকায় ভালো অবস্থান আছে, তাঁদের বড় একটি অংশকেও মনোনীত করা হয়েছে। এ ছাড়া দলের ত্যাগী এবং বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, এমন নতুন মুখও প্রার্থী তালিকায় আছেন।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, সব পৌর এলাকা থেকে একাধিক নাম এসেছে। এখন কেন্দ্রীয়ভাবে সেগুলো সমন্বয় করে একজনের নাম চূড়ান্ত করা হচ্ছে। যাঁদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে, তাঁরা ইতিমধ্যে সংকেত পেয়ে গেছেন। এখন চিঠি দিয়ে জানানোটা কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দলীয় সূত্র বলেছে, জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, এলাকার সাবেক সাংসদ ও দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাসহ তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। তবে শরিকদের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কি না, তা জানা যায়নি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, জোটের শরিকেরা কতটা চেয়েছে জানি না। তারা চেয়ারপারসনকে তালিকা দেওয়ার কথা। বিষয়টি তিনি দেখবেন।