নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। তবে টানাপোড়েন চলছে আওয়ামী লীগের তিন মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান মেয়র সাদেকুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান ও জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি ফজলে রাব্বী। তাঁদের মধ্যে মেয়র সাদেকুর নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের ঘনিষ্ঠ।
শামীম ওসমান গত ১৭ অক্টোবর পৌরসভার আমিনপুর মাঠে এক জনসভায় মেয়র সাদেকুরকে পরিচয় করিয়ে দিয়ে তাঁর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এদিকে ফজলে রাব্বী নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলামের ভগ্নিপতি। এ ছাড়া তিনি সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের ঘনিষ্ঠ। অপরদিকে গাজী মজিবুর রহমানের পক্ষে রয়েছেন যুবলীগের একটি অংশ ও আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘মেয়র সাদেকুরকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা কেন্দ্রে প্রস্তাব পাঠাব।’
এ ব্যাপারে সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘আমরা ফজলে রাব্বীকে মনোনয়ন দেওয়ার পক্ষে। আমাদের সিদ্ধান্ত ইতিমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নানের ঢাকার বাসভবনে গত শুক্রবার উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ সভায় দলের একক প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আজহারুল মান্নান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী হিসেবে মোশারফকে দলীয় মনোনয়ন দিয়েছি। দলের সব নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।’