মনোনয়ন দৌড়ে এক ডজন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে উপনির্বাচন আগামী ৮ ডিসেম্বর। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে থেকেই আওয়ামী লীগের মনোনয়ন পেতে এক ডজন সম্ভাব্য প্রার্থী চেষ্টা-তদবিরে নেমে পড়েছেন।
গত বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। যাচাই-বাছাই শেষে প্রার্থীর নাম ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ নভেম্বর।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে আসনটি শূন্য হয়। এর কিছুদিন পরই শুরু হয় সম্ভাব্য প্রার্থীদের পক্ষ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহরের পথে পথে পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড টাঙানো।
পোস্টার, ব্যানারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার বণিক সমিতির সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম, জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী আবদুল মালিক তরফদার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এম এ রহিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, যুক্তরাজ্যপ্রবাসী প্রকৌশলী ফরাসত আলী, ছাত্রলীগের সাবেক নেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আবদুল আহাদ চৌধুরী, প্রবাসী মাহতাব আহমদ, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিছবাহুদ্দোজা।
গত ২৮ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ ও মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের এক যৌথ বর্ধিত কর্মিসভায় তৃণমূলের নেতা-কর্মীরা সৈয়দা সায়রা মহসিনের প্রার্থিতা দাবি করেন।
জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) যদি আমাকে কোনো কাজে লাগানোর ইচ্ছে থাকে। আর এমপি বানাতে চান, তাহলে নির্বাচনে যাব।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘আমি প্রার্থী আছি। দলের কাছে মনোনয়ন চাইব। এ মুহূর্তে এর বেশি কিছু বলার নেই।’
জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ বলেন, ‘গত শনিবার দলীয় বৈঠকে জেলা কমিটির সভাপতি হিসেবে আমার নাম, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শামীমকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে। ৯ নভেম্বর প্রার্থী চূড়ান্ত হবে।’
বিএনপি কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী গতকাল বলেন, ‘নির্বাচন সম্পর্কে কিছুই জানি না। উপনির্বাচনে আমরা নাই।’