নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর লিখিত আবেদনপত্রে তিনি ওই মনোনয়ন চান। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আবেদনপত্র জমা দেওয়ার পর সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করেছি।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটির উন্নয়নের জন্য আমি কী কাজ করেছি, এটা সবাই দেখেছে। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
আইভীর কাছ থেকে মনোনয়নের আবেদনটি গ্রহণ করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ)। তিনি প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর আবেদনপত্র পেয়েছি। সেটা দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় পেশ করব।’
আজ শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দুজন সদস্য বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী এই সভায় ঠিক করা হবে।
অংশ নেবে বিএনপি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলেও জেলা পরিষদের নির্বাচনে অংশ নেবে না বিএনপি। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ২১ নভেম্বর থানা জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। আলোচনার মধ্যে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে এসব সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে।