মনোনয়ন পেতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাদের কাছে ধরনা দিচ্ছেন তাঁরা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে দেশের ৬৮৪টি ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। আগামী ৫ ও ৬ মার্চ হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, বগুড়া বিএনপির দুর্গ। শিবগঞ্জ উপজেলার মানুষ বিএনপিকে ভালোবাসে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এখানে বিএনপির জয় নিশ্চিত।
উপজেলা বিএনপির সদস্যসচিব তাজুল ইসলাম গত শনিবার বলেন, এলাকায় জনপ্রিয়তা যাচাই করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী মনোনয়নের জন্য নাম সুপারিশ করা হবে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, অনেকে মনে করছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গেলে জয় সহজ হবে। একটি ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেতে সর্বোচ্চ ১১ জন পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন। তাই প্রার্থী বাছাইয়ে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, ‘প্রতিটি ইউনিয়নে দলের একাধিক প্রার্থী রয়েছে। আমরা যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে দলের প্রার্থী করার চেষ্টা করছি।’
কুড়াহার গ্রামের ভোটার আমিনুল ইসলাম (৪৫) বলেন, ‘শুধু দল দেখে ভোট হবে না। প্রার্থীও ভালো হতে হবে। ভদ্র, সভ্য ও ন্যায়পরায়ণ একজনকেই চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন ভোটাররা।’