মনোনয়ন পেলেন আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাই বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রার্থী বাছাই, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঠিক করা ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, নারায়ণগঞ্জের মেয়র পদে মনোনয়নের বিষয়ে আলোচনার শুরুতে আইভীর নাম সুপারিশ করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। এরপর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সেলিনা হায়াৎ আইভীর নাম প্রস্তাব করেন। তিনি আইভীকে প্রার্থীর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় প্রধান শেখ হাসিনা প্রস্তাবে একমত পোষণ করেন। এরপর সব সদস্যের মতৈক্যের ভিত্তিতে আইভীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। রাতেই আওয়ামী লীগের দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হয়। এ নির্বাচন দলীয় প্রতীকে হবে।
দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলেই আইভীকে গণভবনে ডেকে পাঠানো হয়। মনোনয়ন বোর্ডের বৈঠক চলার সময় তিনি গণভবনেই ছিলেন। একপর্যায়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক কক্ষ থেকে বাইরে এসে আইভীকে পান। তখন তাঁকে মনোনয়ন পাওয়ার কথা জানান। এরপর আইভীকে সঙ্গে নিয়ে ওবায়দুল কাদের বৈঠক কক্ষে যান। আইভী দলীয় সভাপতি শেখ হাসিনাকে সালাম করে দোয়া চান।
মনোনয়ন পাওয়ার পর প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি বলেন, এই মনোনয়নের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি সবার কাছে দোয়া এবং নির্বাচনে সবার সহযোগিতা চেয়েছেন।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, আইভীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলীয় প্রধান আগেই মনস্থির করে রেখেছিলেন। এ জন্য গতকালের বৈঠকে আইভীর নাম ওঠার পর দ্রুতই সিদ্ধান্তে পৌঁছে যান সবাই।

 বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন নেতা জানান, বৈঠকে একাধিক নেতা পরামর্শ দেন আইভী যেন নারায়ণগঞ্জে গিয়ে দলের সব পক্ষের নেতার সঙ্গে কথা বলেন। দলীয় প্রধান শেখ হাসিনাও পরে আইভীকে সবার সঙ্গে মিলেমিশে চলার পরামর্শ দেন।

এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একটি দলও সাংসদ শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের আইভীবিরোধী অংশের নেতাদের নিয়ে বসে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার উদ্যোগ নেবে বলে বৈঠক সূত্র জানিয়েছে।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য তিনজনের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছিল। তাতে আইভীর নাম ছিল না। তাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ছিলেন। গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সেলিনা হায়াৎ আইভী দলের সভাপতি শেখ হাসিনা বরাবর আবেদন করেন।

আইভী প্রথম মেয়র নির্বাচিত হন ২০০৩ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে। নারায়ণগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করার পর ২০১১ সালের প্রথম নির্বাচনে তিনি শামীম ওসমানকে বিপুল ভোটে পরাজিত করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল শামীম ওসমানকে। আইভী ছিলেন নাগরিক সমাজের প্রার্থী।

আইভী দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গত মাসে তাঁকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

জেলা পরিষদ: জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে গতকালের সভায় সিদ্ধান্ত হয়, যেসব আগ্রহী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন, তাঁদের মধ্য থেকে জনমত জরিপে যিনি এগিয়ে থাকবেন, তাঁকেই অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া জেলা পরিষদের সদস্য পদের জন্য ১৫ জন এবং সংরক্ষিত পাঁচজন মহিলা সদস্যের নাম সুপারিশ করে আগামী সাত দিনের মধ্যে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পাঠানোর জন্য জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।