মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি হবে। বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন
কার্যালয় থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র কিনেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুরের সাবেক এমপি হাসান উদ্দীন সরকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে হাসান উদ্দীন সরকারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. বশির উদ্দীন। ১০ হাজার টাকা জমা দিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দুপুর পৌনে ১২টার দিকে খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে আগ্রহী মনিরুজ্জামান মনির পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন খুলনা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হাসান খান রানা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ,সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৮ এপ্রিল বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা সাতটায় মেয়র পদে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।