মনোনয়ন-সংক্রান্ত অভিযোগ যাচাইয়ে কমিটি করবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন-সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গত সোমবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি করার নির্দেশ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির দ্বিতীয় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘কোনো প্রার্থী মনোনয়ন না পেলেই যুদ্ধাপরাধী ফ্যামিলির কেউ মনোনয়ন পেয়েছে বলে অভিযোগ করেন। আবার টাকাপয়সার লেনদেন হচ্ছে—এমনও অভিযোগ করছেন। এসব কথাবার্তা বাস্তবে না যতটা সত্য, তার চেয়ে বেশি অপপ্রচার হচ্ছে। আমরা ঠিক করেছি, একটি কমিটি করে দেব। এই কমিটি এসব বিষয়ে খোঁজখবর নেবে। এটা কি সত্যিকারের বিষয়, নাকি মনোনয়ন না পেয়ে মনের দুঃখ থেকে টাকাপয়সা লেনদেনের কথা বলা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যদি সত্যতা থাকেও আমরা সত্যতা যাচাই করে দেখব। এটা নেত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত করা হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি মনে করি, এবারের সম্মেলনে আমাদের দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’