মনোনয়নপত্র প্রত্যাহার, ছাড়লেন আ.লীগের পদও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে দলীয় পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তাঁর নাম আবদুল খালেক রাঢ়ী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
আবদুল খালেক ওটরা ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে পরে বিকেলে কর্মিসভায় তিনি দল থেকে পদত্যাগের এই ঘোষণা দেন।
কর্মিসভায় আবদুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমানের কারণে তিনি মনোনয়নবঞ্চিত হন।
হাফিজুর ওটরা ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি ২০১৫ সালের শুরুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপনির্বাচনে আবদুল খালেক ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও হাফিজুর রহমানকে পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।