মনোনয়নপ্রত্যাশী সাঈদ খোকন ঋণখেলাপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে শতকোটি টাকার ঋণখেলাপের অভিযোগ তুলেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক। এরই মধ্যে ব্যাংকটির পক্ষ থেকে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এ অভিযোগ পাঠানো হয়েছে। তবে এখনই অভিযোগটি নিয়ে ভাবছে না কমিশন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী কোনো ব্যক্তি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর হওয়ার অযোগ্য হবেন, যদি তিনি এমন কোনো কোম্পানির পরিচালক বা অংশীদার হন, যা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা কিস্তি পরিশোধে ব্যর্থ বা খেলাপ। এ খেলাপের হিসাব ধরা হবে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখের পূর্ববর্তী এক বছর পর্যন্ত।
সাঈদ খোকন এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও তাঁকে সমর্থন দেওয়া হয়েছে।
তবে সাঈদ খোকন ‘খেলাপের’ অভিযোগ অস্বীকার করলেও ব্যাংকটিতে তাঁর ঋণ রয়েছে বলে জানিয়েছেন। জানতে চাইলে সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘প্রিমিয়ার ব্যাংকের ঋণখেলাপের বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। ব্যাংকের সঙ্গে ঋণের সুদ নিয়ে আমার মতবিরোধ আছে। এ অবস্থায় আমি ঋণ পুনঃ তফসিলের আবেদন করলেও ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগটিকে জিইয়ে রেখেছেন।’
সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল প্রথম আলোকে বলেন, ‘এটি ব্যাংক-গ্রাহক সম্পর্কের বিষয়। এখানে কোনোভাবেই আমি জড়িত না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটি অন্যায় ও মিথ্যা। আমি সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থীও না। তাই তাঁর সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকার কোনো প্রশ্নই ওঠে না।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সাঈদ খোকনের মালিকানাধীন প্রতিষ্ঠান এস অ্যান্ড এস করপোরেশন এবং তাঁর মা ফাতেমা খাতুনের মালিকানাধীন প্রতিষ্ঠান ডিডি করপোরেশনকে ২০০৩ সাল থেকে ধাপে ধাপে ঋণ দেওয়া হয়। বর্তমানে এ ঋণের পরিমাণ প্রায় ১০৩ কোটি ৬৮ লাখ টাকা। এ ছাড়া ব্যাংক নিশ্চয়তা বা গ্যারান্টি হিসেবে দায় রয়েছে আরও ১৪ কোটি ৭৭ লাখ টাকা। এর ফলে সাঈদ খোকনের কাছে মোট ব্যাংকের অনাদায়ি ঋণের পরিমাণ ১১৮ কোটি ৪৫ লাখ টাকা। কিন্তু ঋণগ্রহীতা সময়মতো এ ঋণ শোধ না করায় তা খেলাপিতে পরিণত হন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, ‘সাঈদ খোকনের ঋণসংক্রান্ত একটি চিঠি প্রিমিয়ার ব্যাংক থেকে আমাদের হাতে এসেছে। চিঠিটি নির্বাচনী তফসিল ঘোষণার আগে পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত প্রার্থী হিসেবে সাঈদ খোকন মনোনয়নপত্র জমা দেননি। তাই নির্বাচন কমিশন আমলে নেয়নি।’
নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থী ঋণখেলাপ-সংক্রান্ত তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন। তখন কোনো ব্যাংক বা ব্যক্তি প্রার্থীর ঋণখেলাপের বিষয়ে অভিযোগ করলে সেটিকে আমলে নেওয়া হয়।