মনোনয়ন-বাণিজ্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ‘মনোনয়ন-বাণিজ্য’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। নৌকা পেলেই বিজয় নিশ্চিত—এ ধারণা থেকেই বিভিন্ন স্তরকে ‘ম্যানেজ’ করে প্রার্থিতা নিশ্চিত করতে দলটির চেয়ারম্যান প্রার্থীদের ১০ লাখ থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে।
তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে। তৃণমূল থেকে আনুষ্ঠানিক অভিযোগও করা হয়েছে চিঠি দিয়ে। মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ তুলে দলের প্রধান কার্যালয়ের সামনে বিভিন্ন সময়ে বিক্ষোভও করেছেন নেতা-কর্মীরা।
এসব অভিযোগ তদন্তে দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা তদন্ত কমিটি গঠন করার কথা বললেও পরবর্তী সময়ে সেই কমিটি আর আলোর মুখ দেখেনি।
নেতা-কর্মীদের অভিযোগ, নির্বাচনে এবার সহিংসতা বাড়ার পেছনে অন্যতম কারণ ছিল মনোনয়ন-বাণিজ্য। কেননা, টাকার বিনিময়ে মনোনয়ন কেনায় যেকোনো মূল্যে জিততেই হবে—এমন মনোভাব পেয়ে বসে তাঁদের।
দলীয় প্রার্থী বাছাই করতে আওয়ামী লীগ তাদের ইউনিয়ন, উপজেলা/থানা ও জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের দায়িত্ব দেয়। এই ছয়জনের স্বাক্ষর নিয়ে তৃণমূল থেকে তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় পর্যায়ে ‘স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে’।
তবে অনেক জায়গা থেকে অভিযোগ উঠেছে, ইউপিতে যাঁরা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, তাঁদের প্রথমে ইউনিয়ন কমিটির নেতাদের সমর্থন আদায়ে পদ অনুযায়ী মাথাপিছু ৫ থেকে ১০ হাজার টাকা; উপজেলা পর্যায়ে ১ থেকে ২ লাখ টাকা এবং এরপর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের ২-৩ লাখ টাকা দিতে হয়েছে। আওয়ামী লীগ তাদের প্রার্থী বাছাইয়ে স্থানীয় সাংসদদের কর্তৃত্ব রাখেনি। তবে ইউনিয়ন ও উপজেলা কমিটি সাংসদের অনুগত হওয়ায় অনেক জায়গায় সাংসদেরাও এই মনোনয়ন-বাণিজ্যে ভাগ বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অনেক এলাকায় তিনিই ছিলেন সর্বেসর্বা।
মনোনয়ন-বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে গত ২১ এপ্রিল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন আওয়ামী লীগের চট্টগ্রাম অঞ্চলের একদল নেতা-কর্মী। তাঁরা অভিযোগ করেন, ‘টাকার বিনিময়ে জামায়াত-সমর্থিতদের’ চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য সুপারিশ করা হয়েছে। তাঁরা বলেন, তাঁদের কেউ কেউ তৃণমূলে সর্বোচ্চ ভোট পেলেও প্রার্থিতা থেকে বাদ দেওয়া হয়।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। অনভ্যস্ততার কারণে কিছু উত্তেজনা ছিল। তবে ভবিষ্যতে সবকিছু ঠিক হয়ে যাবে।’
ইউনিয়ন-সাংসদ-জেলার নেতাদের সন্তুষ্ট রাখলেও প্রার্থিতার বিষয়ে নিশ্চিত হতে পারছিলেন না আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীরা। এ জন্য জেলার নেতাদের মাধ্যমে কেন্দ্রীয় ‘স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড’ সদস্যদের কাছেও ধরনা দেন তাঁরা। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান প্রার্থীদের টাকা ঢালতে হয়েছে এখানেও।
মনোনয়ন-বাণিজ্য বিষয়টি এতই ‘ওপেন সিক্রেট’ ছিল যে, দলটির নেতাদের ব্যক্তিগত কার্যালয়, ঘরোয়া আড্ডায় সব খানেই এ বিষয়টি আলোচিত হয়। তৃণমূল থেকে একাধিক অভিযোগপত্র কেন্দ্রে জমা পড়েছে। জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ‘নানা বিষয়ে অভিযোগ এসেছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
২২ মার্চ অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে জয়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী প্রথম আলোকে বলেন, মনোনয়ন পাওয়ার জন্য প্রথমে দলের নেতাদের পেছনে ২০ লাখ টাকা খরচ করেন তিনি। স্থানীয় সাংসদের সমর্থন না পাওয়ায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে তাঁর নাম যায়নি। পরে বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে সাংসদের আশীর্বাদ চাইতে গিয়ে ১০ লাখ টাকায় সুষ্ঠু ভোটের আশ্বাস আদায় করেন।
মনোনয়ন-বাণিজ্যের অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের একটি উদ্যোগের কথা বলা হয়েছিল আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে। গত ২০ এপ্রিল আওয়ামী লীগের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের ঘোষিত ওই কমিটির প্রধান হিসেবে গণমাধ্যমে নাম এসেছিল দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর। তিনি প্রথম আলোকে বলেন, এই ধরনের কমিটি গঠনের খবর সঠিক নয়।