মনোহরদী আ.লীগের সম্মেলন আজ
নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। ১১ বছর পর আয়োজিত এই সম্মেলনে বিতর্কিত নেতা-কর্মীদের নেতৃত্বের আসনে দেখতে চান না তৃণমূলের নেতা-কর্মীরা।
বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২২ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্তে মনোহরদী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০৩ সালের ৯ নভেম্বর সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে ফজলুল হক সভাপতি ও হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে বর্তমান সভাপতি ফজলুল হকের সঙ্গে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোহরদী পৌরসভার মেয়র আলফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেড এম গোলাম সাকলাইন জাহাঙ্গীর, সহসাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, নির্বাহী সদস্য জি এম জাহাঙ্গীর তৈমুর, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোকসেদুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এস ইকবাল।
মনোহরদী পৌর আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন বলেন, ‘আমরা কোনো বিতর্কিত ব্যক্তিকে নেতা হিসেবে দেখতে চাই না। কারণ, তাঁরা শুধু নিজেদের পকেট ভারী করার জন্য নেতা হন। আর বিতর্কিত সব কর্মকাণ্ডের খেসারত দিতে হয় দলকে।’
সাংসদ নুরুল মজিদ মাহমুদ বলেন, ‘নতুন কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা স্থান পাবেন। আর বিতর্কিতরা পদবঞ্চিত হবেন বলে আশা করছি।’