মনোনয়নপ্রত্যাশীরা সরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ মার্চ দেশের ১০টি পৌরসভার নির্বাচন হবে। নির্বাচন কমিশন গত বুধবার তফসিল ঘোষণা করার পরপরই ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার মনোনয়নপ্রত্যাশীরা সবর হয়ে উঠেছেন। অনেকে আগে থেকেই গণসংযোগ করে আসছিলেন, তাঁরা তোড়জোড় শুরু করেছেন।
ভাঙ্গা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর আলম।
বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন পৌর কমিটির যুগ্ম সম্পাদক মো. ওহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইউব মোল্লা, পৌর বিএনপির সভাপতি মুন্সী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
স্থানীয় স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত পৌর বিএনপির সভাপতি আবু জাফর মুন্সী মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া ভাঙ্গার ছিলাধরচর সদরর্দী মহল্লার বাসিন্দা ব্যবসায়ী সৈয়দ আবুল ফজল স্বতন্ত্র প্রার্থী হতে চান।
সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ওহিদুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজলের তৎপরতা বেশি দেখা যাচ্ছে। তাঁরা ইতিমধ্যেই পোস্টার সাঁটিয়ে উপস্থিতি জানান দিয়েছেন। পাশাপাশি গণসংযোগও করছেন। বর্তমান মেয়র আবু ফয়েজ মো. রেজা এবং আবু জাফর মুন্সীও গণসংযোগ করছেন।
পৌর মেয়র আবু ফয়েজ প্রথম আলোকে বলেন, ‘আমি জনগণের স্বার্থে কাজ করেছি। কারও সঙ্গে খারাপ আচরণ করিনি। কোনো দিন কারও কাছ থেকে এক কাপ চা পর্যন্ত পান করিনি। এটাই আমার শক্তি। আমি মনে করি, এ কারণেই জনগণ আমাকে আবার ভোট দেবেন।’
বিএনপির নেতা ওহিদুজ্জামান বলেন, ‘দলীয় মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। বাবা, ভাই ও দলের সুনামের কারণে আমি বিজয় ছিনিয়ে আনব বলে আশা করি।’
বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী আইউব মোল্লা বলেন, ‘আমি দলের কাছে মনোনয়ন চাইব। দলের প্রতি আমি নিবেদিতপ্রাণ। আমি আশাবাদী, দল আমাকে ফেলতে পারবে না।’
২০১১ সালের ৩ এপ্রিল অনুষ্ঠিত পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পৌর বিএনপির সভাপতি আবু জাফর মুন্সী। তবে নির্বাচনে তিনি হেরে যান। বর্তমানে তিনি স্থানীয় স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমানের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি আর বিএনপিতে নেই। সাংসদের সঙ্গে বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব সাংসদের মনোনীত প্রার্থী হিসেবে।’ নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘মানুষের ভোট আমি পাব। আমার কোনো দুর্নীতি বা কেলেঙ্কারি নেই। জনগণ ঠিকই ভদ্র ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
সৈয়দ আবুল ফজল কয়েক বছর ধরেই বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আসছেন। তিনি বলেন, ‘মানুষ অনেক সচেতন। তাঁরা ভদ্র, সভ্য ও ন্যায়পরায়ণ একজনকেই মেয়র হিসেবে বেছে নেবেন। আমি মানুষের প্রত্যাশার মধ্যেই পড়ি। তাই জয়ের ব্যাপারে আশাবাদী।’