সুনামগঞ্জ-৩ আসনে (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান। তবে দলীয় মনোনয়ন না পেলে যিনি মনোনয়ন পাবেন তাঁর পক্ষেই তিনি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।
মতবিনিময় সভায় সাজিদুর রহমান বলেন, তিনি যুক্তরাজ্যে থাকলেও দেশের টানে বারবার আসেন, মানুষের জন্য কাজ করেন। এ বছর সুনামগঞ্জের হাওর এলাকায় ব্যাপক ফসলহানির পর যুক্তরাজ্যপ্রবাসীদের পক্ষ থেকে সুনামগঞ্জের ফসলহারা কৃষকদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এসেছেন। তিনি আরও বলেন,‘আমি দীর্ঘদিন থেকে বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। আমি মানুষের সেবা করতে চাই। তাই আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে দলের মনোনয়ন চাইব। তবে নৌকা প্রতীক না পেলে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাঁর পক্ষে কাজ করব।’
সভায় অন্যদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারওয়ার কবির প্রমুখ বক্তব্য দেন।