মনোনয়ন চাওয়ার ঘোষণা দেওয়ায় অব্যাহতির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাওয়ার ঘোষণা দেওয়ায় উপজেলা পরিষদের বিভিন্ন কমিটির দায়িত্ব হারাচ্ছেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।

গত বুধবার নাটোর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আধা সরকারি পত্রে (ডিও লেটার) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই উপজেলার তমালতলায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আবুল হোসেন আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন।

এরপর ১৯ জুলাই সাংসদ উপজেলার বিভিন্ন কমিটি ও দায়িত্ব থেকে তাঁর মনোনিত প্রতিনিধি পরিবর্তনের জন্য ইউএনওকে নির্দেশনা দেন। সাংসদেরপ্যাডে লেখা চিঠিতে তাঁর প্রতিনিধি হিসেবে সব কমিটি ও দায়িত্ব থেকে আবুল হোসেনের নাম প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর স্থলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার মুখার্জিকে মনোনীত করা হয়।

এ ব্যাপারে আবুল হোসেন বলেন, ‘আমি দলের প্রার্থী হতে চাওয়ার ঘোষণা দেওয়ার পর সাংসদ আবুল কালাম ক্ষিপ্ত হয়ে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের বিভিন্ন কমিটি ও দায়িত্ব থেকে আমার নাম প্রত্যাহার করেছেন। এর ফলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি, হাসপাতাল পরিচালনা কমিটি, প্রাথমিক নিয়োগ কমিটিসহ বেশ কয়েকটি কমিটির দায়িত্ব থেকে বাদ পড়তে হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার দলের সবার রয়েছে। এ কারণে এসব কমিটি থেকে বাদ দেওয়া কতটা যৌক্তিক, তা সাধারণ মানুষ বিচার করবেন।

সাংসদ সাংবাদিকদের বলেন, ‘আবুল হোসেন উপজেলার বিভিন্ন কমিটিতে আমার প্রতিনিধি হিসেবে ছিলেন। তিনি যেহেতু বর্তমানে আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, সেহেতু তিনি এখন আমার প্রতিপক্ষ। এ কারণে তাঁর নিজেরই কোনো কমিটিতে সুধীজন হিসেবে থাকা উচিত নয়।’ গত বৃহস্পতিবার সাংসদ বলেন, তাঁর প্রতিপক্ষ হলেও এখনো আবুল হোসেনের নাম প্রত্যাহার করার চিঠি দেননি। দু-এক দিনের মধ্যে তা সংশ্লিষ্ট ইউএনও বরাবর পাঠাবেন।

তবে আবুল হোসেনকে সব কমিটি থেকে বাদ দেওয়ার নির্দেশনা-সংবলিত ডিও লেটার পাওয়ার সত্যতা গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন ইউএনও লিয়াকত আলী সেখ।