মনোনয়ন নিয়ে বড় দুই দলে বিভক্তি, সুবিধায় জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদে ময়মনসিংহ-৮ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। ২০১৪ সালের ‘একতরফা’ নির্বাচনে শরিক দল জাতীয় পার্টিকে (জাপা) আসনটি ছেড়ে দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন ফখরুল ইমাম। এখন সেই ফখরুলকে ঠেকানোর ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। যদিও মনোনয়ন নিয়ে সরকারি দলটিতে আছে বিভক্তি।

আর বিএনপির নেতা-কর্মীরা মামলার কারণে এলাকাছাড়া হলেও মনোনয়ন নিয়ে বিভক্তি আছে দলটিতে। দলটিতে ভোটের প্রস্তুতি চলছে কৌশলে। তবে বিভক্তি না থাকায় মনোনয়ন নিয়ে সুবিধাজনক অবস্থায় আছেন জাপার বর্তমান সাংসদ ফখরুল ইমাম।

ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের মাইজহাটি সুটিভরাট গ্রামের আবদুল মজিদ (৫৫) বলেন, ‘আমি কোনো দল করি না। তবে নির্বাচন এলে ভোট দিই। গত নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি।’

১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ জয়ী হয়। ১৯৯১ সালে জাতীয় পার্টি এবং ২০০১ সালে বিএনপি জয় পায়। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ এখন দুই নেতার নেতৃত্বে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন সাবেক সাংসদ আবদুছ ছাত্তার, অন্য পক্ষে আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান। সহযোগী সংগঠনগুলোও দুই ভাগে বিভক্ত। কিছুদিন পরপরই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। বিভক্তি দূর করতে না পারলে আগামী নির্বাচনে দলের ভরাডুবির আশঙ্কা করছেন নেতারা।

আবদুছ ছাত্তার প্রকাশ্য জনসভায় একাধিকবার বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে তিনি নিজের আসন জাপার প্রার্থীর কাছে ছেড়ে দিয়ে ত্যাগ স্বীকার করেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ত্যাগ স্বীকারের পুরস্কার চান। অবশ্য তখন আসন ছেড়ে দেওয়ার পর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদকের পদ পান তিনি। ঈশ্বরগঞ্জে এসে বিভিন্ন জনসভায় বক্তব্যের সময় তিনি সাংসদ ফখরুল ইমামের কঠোর সমালোচনা করেন। এমনকি সাংসদকে ‘বহিরাগত’ উল্লেখ করে আগামী নির্বাচনে তাঁকে ঠেকানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান আবদুছ ছাত্তার।

এসব বক্তব্যে জাপা নেতারাও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যেও আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ছাড় না দেওয়ার মনোভাব দেখা গেছে।

ক্ষমতাসীনদের আরেক মনোনয়নপ্রত্যাশী মাহমুদ হাসান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে মানুষের নজর কাড়ার চেষ্টা করছেন। পাশাপাশি সভা-সমাবেশ আয়োজন করে ১৯৯৬ ও ২০০৮ সালের দলীয় সাংসদ আবদুছ ছাত্তারের ‘স্বজনপ্রীতি ও দুর্নীতির’ অভিযোগ তুলে বক্তব্য দিচ্ছেন। তিনি মনোনয়ন পেলে বিজয়ী হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি মো. রফিকুল ইসলাম বলেন, ‘অসংখ্য প্রার্থী আমাদের দলের মনোনয়ন চাইছেন, এ কথা ঠিক। তবে নেত্রী যাঁকে মনোনয়ন দেবেন, সবাই তাঁর পক্ষেই কাজ করবেন।’ রফিকুল আশা করেন, নির্বাচনের আগে দলের বিভক্তি মিটিয়ে ফেলতে পারবেন।

সাবেক সাংসদ আবদুছ ছাত্তার বলেন, একসময় এ আসনে আওয়ামী লীগ ৮-১০ হাজার ভোট পেত। ২০০৮ সালের নির্বাচনে তিনি ১ লাখ ২৭ হাজার ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হন। তাঁর দাবি, ঈশ্বরগঞ্জে তিনিই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন।

নয় বছরের বেশি সময় ধরে সরকারের বাইরে থাকায় বিএনপি এখানে সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল। তবে জনপ্রিয়তায় ভাটা পড়েনি বলে দাবি নেতা-কর্মীদের। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, মামলার কারণে দলের নেতা-কর্মীরা এলাকাছাড়া। তারপরও সুষ্ঠু নির্বাচন হলে তাঁদের আটকানো যাবে না।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, একধরনের প্রতিকূল অবস্থায় থাকার পরও দলে বিভক্তি আছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ শাহ নুরুল কবীর। যিনি একাংশের সভাপতি বলে নিজেকে দাবি করেন। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন প্রকৌশলী মো. লুৎফুল্লাহেল মাজেদ।

২০০৮ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর নুরুল কবীরকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে ততটা সক্রিয় দেখা যায়নি বলে কর্মীদের অভিযোগ। তিনি এলাকায় এলে কিছু অনুসারীর সঙ্গে যোগাযোগ করে ঢাকায় চলে যান। বিএনপির স্থানীয় কোনো কর্মসূচিতেও তাঁর উপস্থিতি থাকে না। নুরুল কবীরের যোগাযোগ বিচ্ছিন্নতা কাজে লাগিয়ে বিএনপিকে তুলে ধরছেন লুৎফুল্লাহেল মাজেদ। তিনি বলেন, বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। দল যদি তাঁর কাজ ভালো মনে করে, তাহলে তাঁকে মূল্যায়ন করবে।

শাহ নুরুল কবীর বলেন, লুৎফুল্লাহেল মাজেদ নামের ঈশ্বরগঞ্জের কোনো বিএনপি নেতাকে তিনি চেনেন না। হয়তো তিনি এখানে বিএনপির নাম ব্যবহার করে রাজনীতি করতে চাইছেন। নুরুল কবীর বলেন, ‘আমি ১৯৭৮ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে এসে বিএনপিতে রয়েছি। তিনবার নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে আমার।’

বর্তমান সাংসদ ফখরুল ইমাম সাধারণ মানুষের কাছে যেমন জনপ্রিয়, তেমনি ‘জনবিচ্ছিন্ন’ হিসেবেও সমালোচনা আছে তাঁর।

১৯৯৬ সালে জাপার রওশন এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে আওয়ামী লীগের আবদুছ ছাত্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর থেকে এখানে জাপাকে নির্বাচনী পরীক্ষায় অবতীর্ণ হতে হয়নি।

বড় দুই দলের সঙ্গে ঈশ্বরগঞ্জে ভোটের মাঠে লড়াই করার মতো সাংগঠনিক শক্তি জাতীয় পার্টির আছে বলে মনে করেন উপজেলা জাপার জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে তাঁদের দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি আছে। অন্য দলগুলোর মতো তাঁদের বিভক্তি নেই। সাংসদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও নেই। তাই ভোটাররা লাঙ্গল প্রতীককে নিরাশ করবেন না। তিনি আরও বলেন, ফখরুল ইমাম পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য। নিয়মিত সংসদে উপস্থিত থেকে এলাকার সমস্যা নিয়ে কথা বলেন তিনি। এ ছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে আছেন। তাঁর পক্ষে ঘন ঘন এলাকায় আসা-যাওয়া করা অনেক সময় সম্ভব হয় না। এ কারণে সাংসদকে জনবিচ্ছিন্ন বললে অন্যায় করা হবে।