মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। আগামীকাল সোমবার থেকে বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন পৌরসভাগুলোর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরপরেই প্রতীক নিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা।
আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দলেরই কমবেশি ৩০টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী আছে। এদের বেশির ভাগকে আজ নির্বাচনের মাঠ থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে দল দুটির শীর্ষ নেতারা আশা করছেন।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন, বিদ্রোহী প্রার্থী নিয়ে তাঁদের দলে অস্বস্তি আছে। যেসব প্রার্থী শাস্তির তোয়াক্কা করছেন না, প্রয়োজনে দলীয় পদ ছেড়ে দেবেন—মূলত তারাই এখনো নির্বাচনের দৌড়ে আছেন। দল থেকে মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের ৭০ জনের বেশি স্থানীয় পর্যায়ের নেতা স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে কেন্দ্র থেকে বুঝিয়ে-শুনিয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত ২৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে। কয়েকজনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়ে যায়। গত রাতে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, আজ আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ১০-১৫ জনকে সরানো সম্ভব হবে না। নির্বাচনের মাঠে এসব প্রার্থীর শক্তিশালী অবস্থান রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপিরও ৩০টি বেশি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী আছেন বলে দলের নেতারাই বলছেন। এর মধ্যে ১৫ টির মতো পৌরসভায় প্রার্থীদের শক্তিশালী মনে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় নেতা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা আজও বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে চেষ্টা করবেন। এতে কয়েকজনকে রাজি করানো সম্ভব হবে বলে তাঁদের বিশ্বাস।
গত ৩ ডিসেম্বর নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় ৫ ও ৬ ডিসেম্বর। আর সম্ভাব্য প্রার্থীরা প্রচারকাজ শুরু করেন ৯ ডিসেম্বর থেকে।
আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা।