মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরতাল
পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে দলীয় মনোনয়ন না দেওয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগ। আজ বুধবার সকাল থেকে উপজেলা শহরে দফায় দফায় বিক্ষোভ করেছেন দলেন নেতা কর্মীরা।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আলতাফ হোসেনকে মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় পৌর মনোনয়ন বোর্ড।
বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে আলতাফ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ বেতাগী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি (আলতাফ)। পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করলেও দীর্ঘদিন ধরে তিনি দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। আলতাফ হোসেনের এ মনোনয়ন বেতাগী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে। এই মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আমরা হরতালের ডাক দিয়েছি। তাঁর মনোনয়ন প্রত্যাহার না করা পর্যন্ত বেতাগী আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন করবে না।‘
এদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা আওয়ামী লীগের ডাকে হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।