মনোনয়ন বাতিলের রেকর্ড
>• ৫ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে
• আদালতে যাওয়ার সুযোগ থাকছে
• ৩০৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল
• ২২৭৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
• বাছাইয়ে বাদ ২৫.৬৪ শতাংশ প্রার্থী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাছাইয়ে সারা দেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাদ পড়াদের বড় অংশই বিএনপির। বাদ পড়ার বড় কারণ খেলাপি ঋণ। এ ছাড়া আদালতে দণ্ডিত হওয়া এবং নানা তথ্যের অসংগতিও এর কারণ। বাদ পড়া প্রার্থীরা আজ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এদিকে আওয়ামী লীগের কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এবার সারা দেশে ৩৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গতকাল সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করেন। বাছাইয়ে ২ হাজার ২৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। বাছাইয়ে বাদ পড়েছেন ২৫ দশমিক ৬৪ শতাংশ প্রার্থী। ২০০৮ সালের নির্বাচনে বাছাইয়ে ২২ দশমিক ৬৪ শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। ওই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২ হাজার ৪৬০ জন। বাছাইয়ে ৫৫৭টি মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ বিশ্লেষণ করে দেখা যায়, খেলাপি ঋণ ও আদালতে সাজার বাইরে প্রার্থীর সই না থাকা, দলীয় প্রত্যয়নপত্র ছাড়া দলের নাম ব্যবহার করা, হলফনামায় তথ্য গোপন করা, সরকারি সেবার বিলখেলাপি হওয়াসহ বিভিন্ন কারণে অনেকের মনোনয়ন বাতিল হয়েছে।
ছোটখাটো কারণে মনোনয়নপত্র বাতিল না করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বিএনপির মহাসচিবের সই মেলেনি, এমন সন্দেহেও কয়েকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসি ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে বলেছেন, তাঁর সই ঠিক আছে।
উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে যাঁরা পদে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাঁদের প্রায় সবার মনোনয়নপত্র বাতিল হয়েছে। অনেকে পদত্যাগ করলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার চিঠি না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। আইন অনুযায়ী, লাভজনক পদে থেকে নির্বাচন করা যায় না। তবে স্থানীয় সরকারের পদগুলো লাভজনক কিনা বা সংসদ নির্বাচন করতে হলে আগে পদত্যাগ করতে হবে কি না, তা নিয়ে বিতর্ক আছে।
গতকাল মনোনয়নপত্র বাতিল করার মাধ্যমে নির্বাচনে লড়ার সুযোগ শেষ হয়ে যায়নি। যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন। ইসির সিদ্ধান্তও মনঃপুত না হলে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। গতকাল ইসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সংক্ষুব্ধ ব্যক্তিরা আজ সোমবার থেকে আগামী বুধবার (৩ থেকে ৫ ডিসেম্বর) পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন। ইসি ৬,৭ ও ৮ ডিসেম্বর আপিলগুলোর শুনানি করে রায় দেবে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দলওয়ারি হিসেবে বেশি বাদ পড়েছেন বিএনপির প্রার্থীরা। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ অনেক নেতা বাছাইয়ে বাদ পড়েছেন।
বিএনপির পক্ষে অবশ্য মনোনয়নপত্রও জমা পড়েছিল বেশি। অর্থাৎ ২৯৫টি আসনে বিএনপির ৬৯৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রায় সব আসনে বিএনপি কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। কোনো কোনো আসনে দুই থেকে নয়জন বিকল্প প্রার্থীও দেওয়া হয়। গতকালের বাছাইয়ে ৬টি আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা–১, বগুড়া–৭, মানিকগঞ্জ–২, রংপুর–৫, জামালপুর–৪ ও শরীয়তপুর–১ আসন এখন বিএনপির প্রার্থীশূন্য।
ক্ষমতাসীন দলের কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি। ২৬৮টি আসনে আওয়ামী লীগের ২৮১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টির মহাসচিবসহ দলটির কয়েকজনের মনোনয়নপত্রও বাতিল হয়েছে। ২১০টি আসনে জাতীয় পার্টির ২৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম দুই বছর কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি নির্বাচনের যোগ্য নন। দণ্ডিত ব্যক্তি সাজা শেষ হওয়ার পাঁচ বছর পরে নির্বাচন করতে পারেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুটি মামলায় দণ্ডিত। ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে কারাবন্দী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তিনটি আসনেই তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নির্বাচন–সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ঋণখেলাপী ও সরকারি সেবা সংস্থার বিলখেলাপিরা নির্বাচনে অযোগ্য। বিএনপির বাদ পড়া প্রার্থীদের একটি বড় অংশ ঋণখেলাপি।
ঢাকার ১৫টি আসনে ঋণখেলাপি হওয়ায় বিএনপির যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস, ঢাকা–১৪ সৈয়দ আবু বকর সিদ্দিক, ঢাকা–১৬ কে মোয়াজ্জেম হোসেন এবং ঢাকা–১৭ আসনে শওকত আজিজ অন্যতম।
যেসব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁদের বড় অংশ আওয়ামী লীগের বিদ্রোহী এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতা। আইন অনুযায়ী স্বতন্ত্র নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ১ শতাংশের সই জমা দিতে হয়। আগে সাংসদ নির্বাচিত হয়ে থাকলে এটি প্রয়োজন হয় না। রিটার্নিং কর্মকর্তারা দ্বৈবচয়নের ভিত্তিতে ১০টি করে সই যাচাই করে দেখেন। সই না মেলা এবং ১ শতাংশ সই না থাকায় বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এর বাইরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফোরাম, বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, জাকের পার্টি, খেলাফত মজলিসসহ বেশ কয়েকটি ছোট দলের অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ইসি সূত্র জানায়, সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুড়িগ্রাম–৪ আসনে। এখানে ২৩ প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর বিভাগওয়ারি ঢাকায় সবচেয়ে বেশি ১৯২ এবং চট্টগ্রামে ১৭৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, অযোগ্যরা বাছাইয়ে বাদ পড়বেন, এটাই স্বাভাবিক। ঋণখেলাপিদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আইন–বিধির নির্মোহ প্রয়োগ হয়েছে কি না, সেটাই প্রশ্ন। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা গেছে, বাদ পড়াদের বড় অংশ একটি দলের। অন্য একটি দলের বিদ্রোহীরা বাদ পড়েছেন। একটি দলের মহাসচিবের সই নিয়ে সন্দেহের বশেও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এটা তাৎক্ষণিকভাবে যাচাই বা তদন্ত করা যেত। এসব কারণে কিছু সংশয় থেকে যায়।