মনোনয়নপত্র ছিনিয়ে নিলেন আ.লীগ প্রার্থী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে অবশ্য প্রতিদ্বন্দ্বী একজন মনোনয়নপত্র জমা দেন। অন্যজনের পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় বলে জানা গেছে।
১৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ভোট হবে ১৬ মার্চ। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবদুল মতিন ভূঞা। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল আবদুল মতিন ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মনোনয়নপত্র জমা দেন। জমা দিতে পারেননি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মতিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন।
দুপুরের পর জুবায়ের আহমেদ ও মাহবুব আলম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ছিলেন। সেখানে তাঁরা আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র পূরণ করছিলেন। বেলা তিনটার দিকে কিছু লোক আইনজীবী সমিতিতে ঢুকে হইচই শুরু করেন। একপর্যায়ে দুজনের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে চলে যান তাঁরা। ঘটনার পর মাহবুব আলম রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে মনোনয়নপত্র ছিনতাইয়ের বিষয়টি জানান। অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ফরম পূরণের ব্যবস্থা করে দেন। তবে জুবায়ের আহমেদ মনোনয়নপত্র জমাদানে বিরত থাকেন। তবে তাঁর পক্ষে খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি জুবায়ের আহমেদের মনোনয়ন ছিনিয়ে নেওয়ার বিষয়টি লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানান।
মাহবুব আলম অভিযোগ বলেন, ‘বেলা তিনটার দিকে জেলা আইনজীবী সমিতির দোতলায় ছিলাম। আইনজীবীর মাধ্যমে মনোনয়ন পূরণ প্রায় শেষ করে এনেছিলাম। ঠিক সেই সময় একদল লোক এসে আমাকে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত থাকতে বলেন। একপর্যায়ে মুঠোফোনে তাঁরা আমাকে পৌর মেয়র কামরুজ্জামান ও মতিন ভূঞার সঙ্গে কথা বলিয়ে দেন। তখন মেয়র ও মতিন ভূঞা দুজনই আমাকে প্রার্থী হতে বারণ করেন। কিন্তু আমি রাজি হইনি। যখন তাঁরা বুঝতে পারেন আমি রাজি হচ্ছি না, তখন আমার কাছ থেকে মনোনয়নপত্র নিয়ে চলে যান।’
খাইরুল ইসলাম বলেন, জুবায়ের আহমেদ প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু একদল দুর্বৃত্ত শেষ সময়ে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ায় জমা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র দাখিলের সময় বৃদ্ধির দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে মতিন ভূঞা ও মেয়র কামরুজ্জামানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তাঁরা ধরেননি।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে অভিযোগ আসেনি।
২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আসাদুজ্জামান চেয়ারম্যান পদে বিজয়ী হন। ১ ফেব্রুয়ারি তিনি মারা গেলে পদটি শূন্য হয়। আগের নির্বাচনে চেয়েও দলীয় সমর্থন পাননি মতিন ভূঞা। দলীয় সমর্থন না পেলেও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিনি।